একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে মৃত্যুদন্ড প্রাপ্ত জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের আপিলের শুনানি ৮ জুলাই (সোমবার) পর্যন্ত মুলতবি করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
গতকাল বুধবার অসমাপ্ত শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে গঠিত চার বিচারপতির আপিল বেঞ্চ ওই সময় পর্যন্ত তা মুলতবি করেন। আদালতে আজহারের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এর আগে গত ১৮ জুন আজহারের আপিল শুনানি শুরু হয়।
একাত্তরে মুক্তিযুদ্ধের সময় রংপুরে গণহত্যার অভিযোগে ২০১৪ সালের ৩০ ডিসেম্বর এ টি এম আজহারুল ইসলামকে মৃত্যুদ-ের রায় দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। এ ছাড়া তার বিরুদ্ধে একাত্তরে রংপুর অঞ্চলের অসংখ্য নারীকে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে তুলে দেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ২৫ বছর সশ্রম কারাদ- দেয় আদালত।