সন্ত্রাসে অর্থ জোগানোয় হাফিজ সাঈদের বিরুদ্ধে পাকিস্তানে মামলা

নিষিদ্ধ সংগঠন জামাতুদ্দো দাওয়ার নেতা হাফিজ সাঈদসহ মোট ১৩ জনের বিরুদ্ধে সন্ত্রাসীদের অর্থ দিয়ে সাহায্য করার অভিযোগে মামলা করেছে পাকিস্তান সরকার।

দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, সন্ত্রাসবিরোধী আইনে দুই ডজন মামলা করা হয়েছে অভিযুক্তদের নামে। এই হাফিজকে ২৬/১১ মুম্বাই হামলার মূল হোতা মনে করে ভারত।

ভারতের পুলওয়ামায় জঙ্গি হামলার পর থেকে আন্তর্জাতিক বিশ্বের চাপে রয়েছে পাকিস্তান। জঙ্গি সংগঠনগুলোর অর্থের উৎস বন্ধ করতে প্রধানমন্ত্রী ইমরান খান প্রতিশ্রুতি পর্যন্ত দেন।

পাকিস্তানের সন্ত্রাস মোকাবিলা বিভাগের পক্ষ থেকে মামলার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আল-আনফাল, দাওয়াত উল ইরশাদ এবং মুয়াজ বিল জবল ট্রাস্টের নামে সম্পত্তি তৈরি এবং জোগাড় করে তা সন্ত্রাসের কাজে লাগানোয় লাহোর, গুজরানওয়ালা এবং মুলতানে মামলা করা হয়েছে। সন্ত্রাস মোকাবিলা বিভাগ জানিয়েছে, ট্রাস্ট তৈরি করে তার মাধ্যমে সন্ত্রাসে অর্থ জোগানোয় আরো কয়েকটি সংগঠনের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।