প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে গুলির মামলায় ৯ জনকে ফাঁসির আদেশে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, ট্রেনে গুলি ও বোমা হামলা ছিল সম্পূর্ণরূপে বানোয়াট ও সাজানো।
বুধবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই আদেশের নিন্দা জানান।
সেখানে বলা হয়, পাবনার ঈশ্বরদীতে তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে গুলি চালানোর মিথ্যা মামলায় বিএনপির নেতা-কর্মীদের জড়িয়ে বুধবার দুপরে পাবনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে ৯ জনের ফাঁসি, ২৫ জনের যাবজ্জীবন ও ১৩ জনের ১০ বছরের সশ্রম কারাদণ্ডের রায় ঘোষণা করা হয়েছে।
সঙ্গে যোগ করেন, ২৪ বছর আগে ১৯৯৪ সালে পাবনার ঈশ্বরদীতে তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে গুলি ও বোমা হামলা ছিল সম্পূর্ণরূপে বানোয়াট ও সাজানো। পরিকল্পিতভাবে নিজ দলীয় লোকদের দিয়েই ট্রেনে গুলি ও বোমা হামলার ঘটনা ঘটিয়ে রাজনৈতিক ইস্যু সৃষ্টি করা হয়েছিল, যা সর্বজনবিদিত। রাজনৈতিক ষড়যন্ত্রে আওয়ামী লীগের জুড়ি মেলা ভার।
বিএনপি মহাসচিব বলেন, দীর্ঘ ২৪ বছর পর এই রায় ঘোষণায় প্রমাণ হয় যে, সরকারের ক্রমপ্রসারমান ফাঁসির দড়ি এখন বিএনপি’র নিবেদিতপ্রাণ নেতা-কর্মীদের দিকে ধাবিত হচ্ছে। বিএনপিসহ বিরোধী দল, মত নিশ্চিহ্ন করণে নাৎসিবাদী আয়োজনের নগ্ন বহি:প্রকাশ আজকে সরকারের নির্দেশে পাবনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের রায়।
মির্জা ফখরুল বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ নেতা–কর্মীদের ওপর অব্যাহত জুলুমের পরেও বিএনপিকে নিস্তেজ তো করা যায়-ই নি বরং জনসমর্থনের বিপুল বৃদ্ধিতে সরকারের হিতাহিত জ্ঞানশূন্য হয়েছে। কাণ্ডজ্ঞান লোপ পেয়ে এখন বিএনপি নেতা-কর্মীদের বিভিন্ন কায়দায় দুনিয়া থেকে নির্মূলে সর্বশক্তি নিয়োগ করেছে।
আরও বলেন, ২৪ বছর আগের ট্রেনে গুলি-বোমা হামলার সাজানো ঘটনায় আজকে আদালত কর্তৃক রায়ের মাধ্যমে একটি বিষয় সুস্পষ্ট হয়ে উঠেছে যে, ভোগ-লালসায় অস্থির সরকার তাদের গদি টিকিয়ে রাখতে নানা ধরনের সর্বনাশা নীলনকশা প্রণয়ন করে রেখেছে। যতই দিন যাচ্ছে ততই একের পর এক সরকারের হিংস্র রূপের প্রকাশ ঘটছে, মানবিক বিবেচনাগুলো পদদলিত করা হচ্ছে।