গরু ব্যবসায়ীকে হত্যার পর লাশ গাছে ঝুলালো দুর্বৃত্তরা

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাবরা গ্রামের মাঠ থেকে হোসেন আলী (৬৫) নামের এক গরু ব্যবসায়ীর হাত-পা বাঁধা ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে।

নিহত হোসেন আলী কালীগঞ্জ পৌরসভার বাবরা গ্রামের মৃত আরশেদ আলীর ছেলে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইউনুচ আলী জানান, বুধবার বিকেলে ঝিনাইদহ সদর উপজেলার গান্না বাজারে পাওনা টাকা আনতে গিয়েছিলেন হোসেন আলী। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের লোকজন খোঁজাখুঁজির পরও তার সন্ধান পায় না।

বৃহস্পতিবার সকালে বাবরা গ্রামের মাঠে হোসেন আলির ঝুলন্ত লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ সেখানে গিয়ে তার লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়। 

ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করে হাত-পা বেঁধে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে। তাকে কি কারণে হত্যা করা হয়েছে বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে জানান পুলিশের ওই  কর্মকর্তা।