কুষ্টিয়া মডেল থানার একটি মাদক (১ কেজি হেরোইন) মামলায় তিন পরিবহন শ্রমিকের যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেকের ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার বেলা ১১টায় কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী জনাকীর্ণ আদালতে আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- কুষ্টিয়া সদর উপজেলার ফকিরাবাদ দত্তপাড়া গ্রামের হামিদ আলী মন্ডলের ছেলে বাস চালক ঠান্ডু মন্ডল (৪০), খেজুরতলা ওয়াবদা মোড় গ্রামের আজিজুর রহমানের ছেলে বাস হেলপার মো. সাগর (৩৫) এবং মিরপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত পটল ওরফে নবিন প্রমানিকের ছেলে বাস সুপারভাইজার সোহেল রানা (৩২)।
আদালত সূত্র জানায়, ২০১৭ সালের ১৫ সেপ্টেম্বর সকাল ১১টায় র্যাব-১২, সিপিস-১ কুষ্টিয়া ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী যাত্রীবাহি বাস ‘বিবিএস এক্সক্লুসিভ মাহদী’ নং কুষ্টিয়া-জ-১১-০০১১ থেকে কুষ্টিয়া কেন্দীয় বাস টার্মিনালে ৫০০ গ্রাম ওজনের দুইটি প্যাকেটে মোট ১ কেজি হেরোইন হস্তান্তরের সময় ওই বাসের ড্রাইভার, হেলপার ও সুপারভাইজারসহ তিনজনকে আটক ও হেরোইন উদ্ধার করে।
পরে আটক তিন বাস শ্রমিকের বিরুদ্ধে র্যাবের ডিএডি আব্দুর রশিদ বাদী হয়ে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের দ:বি: ১৯(১), ১(খ) ধারায় মামলা দায়ের পূর্বক কুষ্টিয়া মডেল থানায় সোপর্দ করেন। মামলাটি তদন্ত শেষে ২০১৭ সালের ২৩ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।
কুষ্টিয়া জজ কোর্টের সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী জানান, কুষ্টিয়া মডেল থানায় দায়েরকৃত ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১), ১(খ) ধারার চাঞ্চল্যকর এই মামলাটি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন পূর্বক দীর্ঘ সাক্ষ্য শুনানি করে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এই রায় ঘোষণা করেন।