মন্দিরে মাদক সেবনে নিষেধ করায় সেবায়েতকে কুপিয়ে জখম

নড়াইলের কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়নের মাধবপাশা সার্বজনীন হরিমন্দির প্রাঙ্গনে মাদক সেবন ও জুয়া খেলতে নিশেষ করায় ওই মন্দিরের সেবায়েত রেনু সরদারের (৮০) ওপর  হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার দিবাগত রাত ২টার দিকে এ হামলার ঘটনা ঘটে। আহত অবস্থায় ওই সেবায়েতকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মাধবপাশা গ্রামের মৃত গোলক সরকারের স্ত্রী রেনু সরকারের কোনো সন্তানাদি নেই। তিনি মাধবপাশা সার্বজনীন হরিমন্দিরের সেবায়েত হিসেবে দায়িত্ব পালন করেন। রাতে মন্দিরেই ঘুমিয়ে থাকেন।

সেবায়েতের স্বজন রায় মোহন জানান, সেবায়েত রেনু সরকার প্রতিদিনের মতো বুধবার রাতে ঘুমিয়ে পড়েন। রাত ২টার দিকে মুখোশধারী ৫/৬ জন দুর্বৃত্ত মন্দিরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় শব্দে সেবায়েতের ঘুম ভেঙে যায়। দুর্বৃত্তরা রেনু সরকারকে ধারালো অস্ত্র দিয়ে কোপ দিলে ঠেকাতে গেলে তার বাম হাতে কোপ লাগে। এ সময় সেবায়েতের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে মুখোশধারী দুর্বৃত্তরা পালিয়ে যায়।

আহত সেবায়েত রেনু সরকার বলেন, “বেশ কিছুদিন ধরে মন্দির প্রাঙ্গনে কিছু লোকজন জুয়া খেলতো এবং মাদক সেবন করতো। আমি তাদেরকে মাদক সেবন করতে এবং জুয়া খেলতে নিষেধ করি। এখন ধারণা করা হচ্ছে ওরাই হামলা করতে পারে। তবে রাতের আধারে তাদেরকে চিনতে পারিনি।”

কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, ভোরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। হাসপাতালে গিয়ে সেবায়েতের চিকিৎসার খোঁজখবর নেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করাসহ তাদের আটকের চেষ্টা চলছে।

জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অশোক কুন্ডু বলেন, রাতের আধারে মন্দিরে প্রবেশ করে এ ধরনের হামলার ঘটনা খুবই দুঃখজনক। ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে আটক করার পাশাপাশি শাস্তি দাবি জানাচ্ছি।