বরিশালে আওয়ামী লীগের বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় নগরীর বরিশাল ক্লাব মিলনায়তনে আওয়ামী লীগের বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি।
আমির হোসেন আমু বলেছেন, আওয়ামী লীগকে সুসংগঠিত করার লক্ষে বরিশালে বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হচ্ছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখা ও রাজনৈতিকভাবে ষড়যন্ত্র প্রতিহত করার লক্ষ্যে সারাদেশে পর্যায়ক্রমে প্রতিনিধি সভা করা হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু জাতীয় নেতাই নয়, তিনি এখন বিশ্ব নেতায় পরিণত হয়েছেন। তিনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সফল রাষ্ট্রনায়ক। তার নেতৃত্ব বিশ্ব মেনে নিয়েছে। তিনি একদিকে সারা বিশ্বে নিজেকে একজন সম্মানিত সফল রাষ্ট্রনায়ক হিসেবে প্রতিষ্ঠা করেছেন। তেমনি বাঙালি জাতি ও বাংলাদেশকে একটি মর্যাদাশীল জাতি হিসেবে পরিচিত করেছেন।
বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ এমপি’র সভাপতিত্বে প্রতিনিধি সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ এমপি, ইউসুফ হোসেন হুমায়ুন, হাফিজ মল্লিক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান এমপি, আইন সম্পাদক গণপূর্ত মন্ত্রী শ. ম রেজাউল করীম, পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম এমপি, আন্তর্জাতিক সম্পাদক ড. শাম্মী আহমেদ, বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।
আওয়ামী লীগের বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিমের পরিচালনায় প্রতিনিধি সভায় বরিশাল বিভাগের আওয়ামী লীগ দলীয় সকল সংসদ সদস্য, জেলা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান, পৌর মেয়র, জেলা ও উপজেলা আওয়ামী লীগ প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করছেন।