কক্সবাজারের চকরিয়ায় মোবাইল চুরির অপবাদে মোহাম্মদ হাসান নামে এক কিশোরের উপর দফায় দফায় অমানুষিক নির্যাতনের অভিযোগ উঠেছে।
কিশোরের উপর নির্যাতনের চিত্রটি নির্যাতনকারীরা ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দিলে তা ভাইরাল হয়ে পড়ে।
নির্যাতনের শিকার মোহাম্মদ হাসান চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের জালীয়াপাড়া গ্রামের মৃত জাকের আহমদের ছেলে। তাকে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে সে ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
গত বুধবার সকালে চকরিয়া পৌর শহরের হক মার্কেট কাঁচা বাজার ও তরছঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।
নির্যাতনের শিকার মোহাম্মদ হাসানের বড় ভাই আনছারুল করিম বলেন, তার ছোট ভাই মোহাম্মদ হাসান চকরিয়া পৌর শহরের চিরিঙ্গা হক মার্কেটের কাঁচা বাজারের একটি মুরগির দোকানে কর্মচারী হিসেবে কাজ করেন। প্রতিদিনের মতো বুধবার সকালেও সে বাড়ি থেকে তার কর্মস্থল মুরগির দোকানে চলে যায়। দোকানে কাজ করার সময় সকাল ৭টার দিকে হঠাৎ মোবাইল চুরির মিথ্যা অভিযোগ এনে চকরিয়া পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের তরছঘাটা এলাকার জনু সওদাগরের পুত্র মিনহাজ উদ্দিন, একই এলাকার রশিদ আহামদের পুত্র আজিম ও তারবন্ধু ওসমান গণির নেতৃত্বে ৫-৬ জন যুবক আমার ভাই হাসানের উপর অমানুষিক নির্যাতন চালায়।
আনছারুল করিম আরও বলেন, একপর্যায়ে বখাটেরা হাসানকে নির্যাতন চালিয়ে পৌরসভার ৩নং ওয়ার্ডের তরছঘাট এলাকায় নিয়ে যায়। সেখানে তাকে গাছের সাথে বেঁধে আবারও অমানুষিক নির্যাতন চালায়। পরে স্থানীয় লোকজন মুর্মূষ অবস্থায় হাসানকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, চুরির অপবাদে কিশোরের উপর নির্যাতনের ব্যাপারে থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।