ফটিকছড়িতে বাবার বিরুদ্ধে শিশুকন্যা ধর্ষণের অভিযোগ

ফটিকছড়িতে মো. নেজাম উদ্দীন (৪০) নামে এক বাবার বিরুদ্ধে ১২ বছরের শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার ফটিকছড়ির বাগানবাজার ইউনিয়নের নতুনবাজার এলাকায় এ ঘটনা ঘটে। ধর্ষণের শিকার শিশুকন্যা মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী বলে জানা গেছে।

পুলিশ তাকে ডাক্তারি পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠিয়েছে।

এ ঘটনায় ধর্ষিতার মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ আইনে অভিযুক্ত বাবার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।

এ ব্যাপারে বৃহস্পতিবার সন্ধ্যায় ভূজপুর থানার অফিসার ইনচার্জ শেখ আব্দুল্লাহ দেশ রূপান্তরকে বলেন, ‘১৫-২০ দিন ধরে নিজের মেয়েকে ধর্ষণ করে আসছিল মো. নেজাম উদ্দীন। ঘটনাটি এলাকায় জানাজানি হলে স্থানীয় চেয়ারম্যান রুস্তম আলীর কাছে বিচার চাওয়া হয়। চেয়ারম্যান বিষয়টি জেনে ঘটনাটি দ্রুত দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রের মাধ্যমে ভূজপুর থানায় অবহিত করেন। এলাকার লোকজন শিশুটির বাবা নেজাম উদ্দীনকে বুধবার রাতে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে’।

ওসি শেখ আব্দুল্লাহ আরো বলেন, প্রাথমিকভাবে মেয়েটির সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা পাওয়া গেছে। তাকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ওসিসিতে পাঠানো হয়েছে।