তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ট্রেন বহরে গুলি বর্ষণ মামলায় গত বুধবার মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছেন আপন তিন ভাই।
পাবনার স্পেশাল ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মো. রুস্তম আলী এই রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডে দণ্ডিত আপন তিন ভাই হলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য, ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. মকলেছুর রহমান বাবলু, সাবেক ছাত্রদল নেতা মাহবুবুর রহমান পলাশ ও ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক ভিপি রেজাউল করিম শাহীন।
রায় ঘোষণার সময় তিন ভাই আসামির কাঠগড়ায় উপস্থিত ছিলেন। এই মামলায় মোট ৯ জনের ফাঁসির রায় হয়েছে।
রায় ঘোষণার পর আদালত চত্বরে দণ্ডপ্রাপ্তদের স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা কান্নায় ভেঙে পড়েন।
আসামিদের আদালত থেকে নিয়ে যাওয়ার সময় কয়েকজনকে উচ্চস্বরে বলতে শোনা যায়, ‘আমাদের অন্যায়ভাবে দণ্ড দেওয়া হয়েছে। আমরা এ রায় মানি না। আমরা রাজনৈতিক প্রতিহিংসার শিক্ষার’।
বৃহস্পতিবার সকালে দণ্ডপ্রাপ্তদের বাড়িতে গিয়ে দেখা যায় শোকের মাতম। পাড়া-প্রতিবেশীরা এসে তাদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। কেউ কেউ বলছেন, উচ্চ আদালতে আপিল করলে হয়তো ‘কিছু’ হলেও হতে পারে। রায় প্রসঙ্গে দণ্ডপ্রাপ্তদের পরিবারের সাথে কথা বলার চেষ্টা করলেও তারা কথা বলতে রাজি হননি।