যেকোনো কিছুই সম্ভব: সরফরাজ

বিশ্বকাপে লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে অসম্ভব এক হিসাবের মধ্যে পড়েছে পাকিস্তান। সেমি-ফাইনালে উঠতে হলে বাংলাদেশকে তাদের হারাতে হবে অকল্পনীয় এক ব্যবধানে। এমন অসম্ভবের সামনে দাঁড়িয়েও আশা হারাচ্ছেন না পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ। তার মতে, যেকোনো কিছুই সম্ভব।

লর্ডসে শুক্রবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় মুখোমুখি হবে দল দুটি। শেষ চার নিশ্চিত করতে হলে মাশরাফীবাহিনীর বিপক্ষে পাকিস্তানের শুধু জিতলেই চলবে না, অন্ততপক্ষে ৩১৬ রানের ব্যবধানে জিততে হবে। তা না হলে জিতেও বিদায় নিতে হবে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের।

এমন অসম্ভব হিসাবের সামনে দাঁড়িয়েও সেমি-ফাইনালে যাওয়ার স্বপ্ন একেবারে ছেড়ে দিচ্ছেন না সরফরাজ। সেজন্য ৫০০ বা ৬০০ রানের সংগ্রহ পেতে সতীর্থরা শুরু থেকেই মারকুটে ব্যাটিং করবেন বলে বিশ্বাস তার।

৩১৬ রানের জয় পেয়ে দল সেমি-ফাইনালে যেতে পারবে কি-না সংবাদ সম্মেলনে এমন এক প্রশ্নের জবাবে সরফরাজ বলেন, “এটা অনেক কঠিন। ৩১৬ রান অনেক বিশাল ব্যবধান। যদি প্রথমে ব্যাট করে ৬০০ বা ৫০০ রান করতে পারি।”

“জানি না কীসের ভিত্তিতে এই সমীকরণ হল। তবে আমার কিছুই করার নেই।... ভালো একটা স্মৃতি নিয়ে আমরা টুর্নামেন্ট শেষ করতে চাইবো। কালকের ম্যাচে আমাদের সেরা চেষ্টাই থাকবে। কেননা কোনো কিছুই অসম্ভব নয়।”

“লর্ডসে বাংলাদেশ বনাম পাকিস্তানের লড়াইটা দারুণ হবে। উভয় দলই একে অপরকে হারাতে মরিয়া থাকবে।”