আজিমপুরে মসজিদের খাদেমের বস্তাবন্দি লাশ উদ্ধার

রাজধানীর আজিমপুর কবরস্থানসংলগ্ন মেয়র মো. হানিফ জামে মসজিদের এক খাদেমের বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। গত বুধবার মধ্যরাতে মসজিদসংলগ্ন ভবনের দ্বিতীয় তলার করিডর থেকে মো. আবু হানিফ নামে ওই ব্যক্তির লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে পুলিশ।

লালবাগ থানা পুলিশ বলছে, মসজিদের মুয়াজ্জিন ও চারজন খাদেম মসজিদের লাগোয়া ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাটে থাকতেন। ফ্ল্যাটটির দুটি কক্ষের একটিতে মুয়াজ্জিন ও অন্যটিতে চার খাদেম থাকতেন। গত মঙ্গলবার রাত থেকে সাইফুল ইসলাম নামে এক খাদেম নিখোঁজ রয়েছেন। ধারণা করা হচ্ছে, ধর্মীয় ব্যাখ্যা ও বিভিন্ন বিষয়ে মতবিরোধের জেরে ছুরিকাঘাতে হানিফকে হত্যার পর তিনি পালিয়ে গেছেন।

লালবাগ থানার পরিদর্শক (তদন্ত) খন্দকার হেলাল উদ্দিন বলেন, গত মঙ্গলবার জোহর বা আসরের নামাজের মাঝামাঝি কোনো এক সময়ে আবু হানিফকে হত্যা করা হতে পারে। পরে বুধবার সন্ধ্যার পর দুর্গন্ধ ছড়ানো শুরু হলে বস্তাবন্দি লাশটি উদ্ধার করে পুলিশ। তিনি জানান, হানিফ গত রমজান মাসে ওই মসজিদে খাদেম হিসেবে কাজ শুরু করেন। এরপরই বিভিন্ন বিষয়ে সাইফুলের সঙ্গে তার দ্বন্দ্ব দেখা হয় বলে জানিয়েছেন মসজিদের ইমাম। ধারণা করা হচ্ছে, সাইফুল এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। তাকে ধরতে গ্রামের বাড়ি নোয়াখালী ও চট্টগ্রামে তার বেড়ে ওঠার স্থানগুলোতে অভিযান চালানো হচ্ছে। হানিফের বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। তার ৩ মাস বয়সী একটি মেয়ে রয়েছে।

লালবাগ থানার ওসি কে এম আশরাফউদ্দিন বলেন, ‘নিহতের শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। খুনের ঘটনায় এক বা একাধিক ব্যক্তি জড়িত থাকতে পারে বলে ধারণা করছি।’ তবে মূল সন্দেহভাজন সাইফুলকে ধরতে পারলেই সব রহস্য জানা যাবে বলে মনে করছেন তিনি।