আইনের অধ্যাপক ড. তুরিন আফরোজকে বিশ্বের শীর্ষ পঞ্চাশ নারী শিক্ষাবিদের সম্মাননায় ভূষিত করা হয়েছে। গতকাল ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড এডুকেশন কংগ্রেস ২০১৯’- এ তাকে এ সম্মাননায় ভূষিত করা হয়। মুম্বাইয়ে অবস্থিত বাংলাদেশ সরকারের ডেপুটি হাইকমিশন তার পক্ষে এই সম্মাননা গ্রহণ করে। শিক্ষাক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য প্রতি বছর বিশ্বের ৫০ জন নারী শিক্ষাবিদকে এ সম্মাননা প্রদান করা হয়।
তুরিন আফরোজ বর্তমানে বাংলাদেশের ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে আইনের অধ্যাপক হিসেবে কর্মরত। ১৯ বছর ধরে তিনি দেশে এবং বিদেশে আইনের শিক্ষকতা করে আসছেন। ইতিপূর্বে তিনি অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন সিডনি ও মনাশ বিশ্ববিদ্যালয়ে এবং বাংলাদেশের ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে শিক্ষকতা করেছেন। তিনি বাংলাদেশ, ভারত, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া এবং যুক্তরাষ্ট্রে লেখাপড়া করেছেন। বিজ্ঞপ্তি।