রাজধানীর ধানমন্ডি গণস্বাস্থ্য হাসপাতালের ক্যান্টিনে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত ব্যক্তি, ওই হাসপাতালের ক্যান্টিন-বয়। তার নাম রায়হান (১৪)। বৃহস্পতিবার তাকে ধানমন্ডি থানা পুলিশ আটক করেছে।
ধানমন্ডি থানার এস আই মোশারফ হোসেন দেশ রূপান্তরকে জানান, প্রচুর রক্তক্ষরণ হয়েছে শিশুটির। খবর পেয়ে শিশুটিকে হাসপাতালে পাঠানোর পাশাপাশি অভিযুক্ত কিশোর রায়হানকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তিনি বলেন, ধর্ষণের ঘটনা ঘটেছে বিকেল ৪টার দিকে। খবর পেয়ে রাত ৮ টার দিকে ওই শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
শিশুটির মা হাসপাতালে সাংবাদিকদের জানান, ধানমন্ডি ৬ নম্বর রোডের গণস্বাস্থ্য হাসপাতালের বেসরকারি নার্স হিসেবে তিনি চাকরি করেন। থাকেন কলাবাগনে। বাচ্চাটি ২য় শ্রেণিতে পড়ে। পড়া শেষে তাকে সঙ্গে নিয়ে হাসপাতালে যান। বিকেলে সে হাসপাতালে আরেকটি বাচ্চার সঙ্গে খেলছিল। কিছুক্ষণ পর সে ক্ষুধা লেগেছে বলে জানায়। এরপর নিচতলার ক্যান্টিনে যায় সে। এর কিছুক্ষণ পরে ফিরে এসে জানায় ঘটনাটি। তখন তার শরীরের কাপড় রক্তে ভেজা ছিল।
এস আই মোশাররফ জানান, হাসপাতালের ক্যান্টিন বয় রায়হান শিশুটিকে চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে যৌন নির্যাতন চালায়। পরে খবর পেয়ে ওই কিশোরকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।