গাজীপুরের চিলাই নদ দূষণের দায়ে দুটি ডাইং কারখানাকে ৪ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট থান্দার কামরুজ্জামান।
পরিবেশ অধিদপ্তরের গাজীপুর কার্যালয়ের উপপরিচালক মো. আ. সালাম সরকার দেশ রূপান্তরকে জানান, গাজীপুর সিটি করপোরেশনের চতর এলাকার প্রিয়াকাশ ডিজাইন এবং হাতিয়াব এলাকার বিএফএস থ্রেড ডাইং কারখানা দুটি তরল বর্জ্য ফেলে দীর্ঘদিন ধরে চিলাই নদ দূষণ করে আসছিল। এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার গাজীপুরের জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তর যৌথভাবে ওই দুই কারখানায় অভিযান চালায়।