বুড়িগঙ্গা তীরে আরও ৮৮ স্থাপনা উচ্ছেদ

বুড়িগঙ্গা নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদে চতুর্থ ধাপের তৃতীয় দিনে ঢাকার কেরানীগঞ্জে অভিযান চালিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্র্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। গতকাল বৃহস্পতিবার এই অভিযানে একটি তিনতলা বাড়ি, তিনটি দোতলা বাড়ি, ১৩টি একতলা বাড়ি, ২৪টি আধাপাকা বাড়ি, ১৬টি সীমানা দেয়াল ও ৩১টি টিনের ঘরসহ ৮৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং দখল করা প্রায় ১ দশমিক ৫ একর জমি উদ্ধার করা হয়। এ ছাড়া তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বিআইডব্লিউটিএর কর্মকর্তারা জানান, অবৈধভাবে নদীর জায়গা দখলের অভিযোগে জামাল স মিলের স্বত্বাধিকারী জামাল হোসেন (৪৩), ইট-বালু ব্যবসায়ী আবুল হোসেন (৪৮) ও মেসার্স আরাফাত ট্রেডিংয়ের স্বত্বাধিকারী আবদুর রহমানের (৬০) বিরুদ্ধে মামলা করা হয়। চার দিন পর আগামী মঙ্গলবার বাদামতলী থেকে শুরু হবে চতুর্থ ধাপে দ্বিতীয় পর্বের অভিযান।