মারা গেছেন সবিতা

ভারতীয় বাংলা ছবির স্বর্ণ সময়ের অভিনেত্রী সবিতা চট্টোপাধ্যায় মারা গেছেন। অনেক দিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগে বৃহস্পতিবার কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।

জি নিউজ জানায়, কয়েক দিন ধরে কলকাতার একটি হাসপাতালে ভর্তি ছিলেন সবিতা। সম্প্রতি তার একটি অপারেশন হয়েছিল। ধারণা করা হচ্ছে, অপারেশন-পরবর্তী ধাক্কা সামলাতে পারেনি শরীর।

সবিতা ছিলেন সীমিত সংখ্যক বাঙালি অভিনেত্রীদের মধ্যে অন্যতম, যারা বলিউডেও অত্যন্ত সুনাম অর্জন করেছিলেন।

তার অভিনীত হিন্দি ছবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য দীপ জ্বলতা রহে, বাত এক রাত কি, আয়ে দিন বাহার কে, দেবর, লবকুশ ও হরে কাঁচ কি চুড়িয়া।

বাংলা ছবি দিয়েই সবিতা অভিনয় জীবন শুরু করেন। উল্লেখযোগ্য হলো মহিলামহল, সাঁঝের প্রদীপ, পুত্রবধূ, ভ্রান্তিবিলাস, পুনর্মিলন, খেলা ভাঙার খেলা ও তমসা।

আশির দশকেই তিনি শেষ ছবিতে অভিনয় করেন। তারপর ব্যস্ত হয়ে পড়েন পরিবার নিয়ে।