রোহিঙ্গাদের ওপর মানবতাবিরোধী অপরাধ তদন্তে আইসিসিতে আবেদন

মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম জাতিগোষ্ঠীর ওপর সংঘটিত মানবতাবিরোধী অপরাধের আনুষ্ঠানিক তদন্তের জন্য আবেদন জানিয়েছেন ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের (আইসিসি) প্রসিকিউটর।

ডেইলি সাবাহ জানায়, বৃহস্পতিবার আইসিসির বিচারকের কাছে এ আবেদন জানান প্রসিকিউটর ফাতাও বেনসওদা।

মিয়ানমারের নিজ ভূমি থেকে রোহিঙ্গাদের বিতাড়িত করা, তাদের ওপর অমানবিক নির্যাতন ও নিপীড়নের তদন্তের আবেদন জানানো হয়।

প্রসিকিউটর ফাতাও বলেন, প্রাথমিকভাবে প্রমাণিত যে, অন্তত সাত লাখ রোহিঙ্গাকে মিয়ানমার থেকে উচ্ছেদ করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। অমানবিক নির্যাতনের ভুক্তভোগী এসব মানুষ রাখাইনে নিজ ভূমিতে ফিরে যেতেও অধিকার বঞ্চিত হচ্ছে।

জাতিসংঘের মতে, এ মুহূর্তে বিশ্বের সবচেয়ে বেশি নিগৃহীত জাতি হচ্ছে রোহিঙ্গা মুসলিম গোষ্ঠী। ২০১২ সালের তাদের ওপর জাতিগত সংঘাত চালিয়ে নিজ ভূমি থেকে পুরোপুরি উচ্ছেদ করার প্রক্রিয়া শুরু করে মিয়ানমার সরকার।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতে, ২০১৭ সালের আগস্টে মিয়ানমার সরকারের বড় ধরনের অভিযানের মুখে পড়ে নির্যাতনের শিকার সাড়ে সাত লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

জাতিসংঘের তদন্ত কর্মকর্তাদের মতে,  হত্যা, নির্যাতন, ধর্ষণ, অগ্নিসংযোগের শিকার রোহিঙ্গারা। মিয়ানমার সেনাবাহিনী এবং স্থানীয় উগ্রপন্থী বৌদ্ধ জনগোষ্ঠীর তাদের ওপর এ মানবতাবিরোধী অপরাধ চালায়।