দিনের ভোট রাতে হয়ে গেলে জনগণকে খুশি করার কী দরকার: নজরুল

সাধারণ মানুষ এই সরকারের বিবেচনায় নেই দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, কারণ সাধারণ মানুষের ভোট তো এই সরকারের প্রয়োজন হয় না।

তিনি বলেন, “৩০ তারিখের ভোট ২৯ তারিখ রাতেই যদি হয়ে যায়, তাহলে মানুষকে খুশি করার কী দরকার?”

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলাদল আয়োজিত মানববন্ধনে নজরুল ইসলাম খান এসব কথা বলেন।

খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি এবং গ্যাস ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, যারা ফুটপাতে ঘুমায়, যারা ছোট ব্যবসা করে, ছোট চাকরি করে এবং যারা সাধারণ মানুষ তাদের জন্য বাজেটে বরাদ্দ নাই।

“যাদের দিয়ে ভোট কাটা যায়, যাদেরকে দিয়ে ভোটকেন্দ্র দখল করা যায় এবং যাদের দিয়ে নির্বাচনে জয়ী হওয়া যায়, তাদের জন্য বাজেটে বরাদ্দ রাখা হয়েছে।”

তিনি বলেন, “আজ যদি মা-বোনেরা কষ্টে থাকে, পেশাজীবীরা কষ্টে থাকে, তাহলে সুখে আছে কে বাংলাদেশে? সুখে আছে তারা, যারা হাজার হাজার কোটি লুট কিরে বিদেশে পাচার করেছে। আর যারা সরকারি প্রভাব কাটিয়ে প্রতিদিন লাখ, কোটি টাকা উপার্জন করছে তারা সুখে আছে। কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ আজ নিঃশেষ হয়ে যাচ্ছে।”

নজরুল ইসলাম খান বলেন, “যারা গ্যাসে দিয়ে কারখানা চালায়, তাদের ব্যয় ৪৪ শতাংশ বেড়ে গেছে; ব্যবসা করতে পারবে না। উৎপাদিত পণ্যের দাম বেড়ে যাবে। আর সেটার প্রভাবও এসে আমাদের উপর পড়বে। সাধারণ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই সরকারের গণবিরোধী সিদ্ধান্তের শিকার হয়ে গেছি।”

তিনি বলেন, দেশের এ অবস্থার পরিবর্তন চায় মানুষ। সরকারের বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব দেওয়ার জন্য আজ আমাদের বেগম খালেদা জিয়াকে দরকার। আর এজন্য আমাদেরকে আন্দোলন সংগ্রাম করেই আমাদের নেত্রীকে মুক্ত করতে হবে।

মানববন্ধনের সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক নূরে আরা সাফা, মহিলা দলের নেত্রী অপর্ণা রায় প্রমুখ।