বিরল প্রজাতির কৃষ্ণসার হত্যা মামলা সালমান খানের পিছু ছাড়ছে না। সম্প্রতি বিচারক বিরক্ত হয়ে সতর্ক করেছেন তাকে। আর বললেন, এই নায়কের জামিন খারিজ হয়ে যেতে পারে।
জি নিউজ জানায়, বৃহস্পতিবার ছিল মামলার শুনানি। সেদিন জেলা দায়রা আদালতে উপস্থিত ছিলেন না সালমান। এতেই বিচারক বেশ বিরক্ত হন।
সাফ সাফ বলে দেন, পরের শুনানির দিনও সালমান উপস্থিত না থাকলে জামিন খারিজ হয়ে যেতে পারে।
সালমানের পক্ষ থেকে আদালতে অনুপস্থিতি নিয়ে আবেদন করা হয়। সেখানে বলা হয়, শুটিং থেকে সময় বের করতে না পারার কারণে তিনি উপস্থিত থাকতে পারছেন না।
আদালত সেই আবেদন মানেনি। বিচারক চন্দ্রকুমার সোনগারা ও সরকার পক্ষের আইনজীবী মহিপাল বিষ্ণু সালমানের আইনজীবীকে এ বিষয়ে সতর্ক করেন।
সালমানের আইনজীবী আইনজীবী এইচ এম সরস্বত বলেন, “শুটিং থেকে সময় বের করতে না পারার কারণে আদালতে আসতে পারেননি সালমান। আদালত তাকে নির্দেশ দিয়েছে পরবর্তী শুনানির জন্য উপস্থিত থাকার জন্য। আমরা আদালতের এই নির্দেশকে সম্মান করি।”
২০১৮ সালের ৫ এপ্রিল কৃষ্ণসার হত্যা মামলায় সালমানের পাঁচ বছরের কারাদণ্ডের সাজা ঘোষণা করে যোধপুর সেন্ট্রাল জেল। সেই রায়ের বিরুদ্ধে জামিনের আবেদন করেন ভাইজান। তবে মামলার অপর আসামি সাইফ আলী খান, টাবু, নীলম ও সোনালি বেন্দ্রেকে বেকসুর খালাস দেয় আদালত।
জামিন পাওয়ার আগে যোধপুর সেন্ট্রাল জেলে দু রাত কাটাতেও হয়েছে সালমান খানকে।
১৯৯৮ সালে ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির শুটিংয়ের জন্য যোধপুর গিয়েছিলেন এই তারকারা। সেই সময় সালমান দুটি কৃষ্ণসার হরিণ হত্যা করেন বলে অভিযোগ।
কৃষ্ণসার হত্যা মামলার পরবর্তী শুনানি রয়েছে ২৭ সেপ্টেম্বর।