বিদায়ী ম্যাচ নয়, বড় জোর বিদায়ী ডিনার পেতে পারে শোয়েব মালিক। পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম এমন মন্তব্য করেছেন।
৩৭ বছর বয়সী শোয়েব মালিক অনেক আগেই ঘোষণা দিয়েছিলেন, এবারের বিশ্বকাপের পরই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলবেন। ক্রিস গেইল, মাশরাফী বিন মোর্ত্তজা, লাসিথ মালিঙ্গাও নিজেদের শেষ বিশ্বকাপ খেলছেন এবার। তবে পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিকের জন্য নিজের শেষ বিশ্বকাপটা মোটেও সুখকর হলো না!
ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস বিশ্বকাপে মাত্র ৩ ম্যাচে মাঠে নামার সুযোগ পেয়েছেন মালিক। রান করেছেন মাত্র ৮, যার দুটিতেই ডাক মেরেছেন। ভারতের বিপক্ষে ম্যাচের পর আর একাদশেই সুযোগ পাননি। এমনকি বাংলাদেশের বিপক্ষে শুক্রবার লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচেও সুযোগ মেলেনি শোয়েব মালিকের।
পাকিস্তানের সেমিফাইনালেও যাওয়া হচ্ছে না। বিদায় নিশ্চিত হয়ে গেছে দলটির। অর্থাৎ দুঃস্বপ্নের মধ্য দিয়ে বিশ্বকাপ শেষ করলেন পাকিস্তানের হয়ে ৩৫ টেস্ট, ২৮৭ ওয়ানডে ও ১১১টি টি-টোয়েন্টি খেলা মালিক।
যা পারফরম্যান্স তার, তাতে বিশ্বকাপের পর আর দলে সুযোগ পাবেন কিনা সেটি নিয়েও থাকছে প্রশ্ন। কিন্তু একটা বিদায়ী ম্যাচ কি পেতে পারেন না মালিক?
পাকিস্তানের এক সাংবাদিককে দেওয়া সাক্ষাৎকারে ওয়াসিম আকরাম যা বললেন, তা অবশ্যই মন খারাপ করা অনুভূতি জাগাবে মালিকের মনে। যদিও পাকিস্তান ক্রিকেটে মালিকের অবদানের কথা উল্লেখ করলেন আকরাম, ‘‘অবশ্যই এটা জানিয়েছে, বিশ্বকাপের পরই সে অবসরে যাবে। দুর্ভাগ্য, নিজের মতো করে শেষ করতে পারল না সে। আমি মনে করি পাকিস্তানের জন্য দীর্ঘ দিন সে যা করেছে, শেষটাও তেমন হওয়া উচিত ছিল তার।’’
বিশ্বকাপে বাজে পারফরম্যান্স করলেও মালিককে আগলেও রাখেন আকরাম। বলেন, ‘‘সে এই বিশ্বকাপে খুব বেশি ম্যাচ খেলেনি। সে দুই ম্যাচ ডাক মেরেছে। এটা যেকোনো খেলোয়াড়ের ক্ষেত্রেই হতে পারে। সে পাকিস্তানের হয়ে অনেক ম্যাচ জিতেছে যা আমাদের মনে রাখা উচিত। সে দারুণ একজন মানুষ। তাই তার দারুণ একটা বিদায় প্রাপ্য। একবারের জন্য হলেও। আমি জানি সে এই বিশ্বকাপে পারফর্ম করেনি। কিন্তু সে পাকিস্তানের হয়ে বছরের পর বছর পারফর্ম করেছে।’’
শোয়েব মালিক দারুণ একটা বিদায় প্রাপ্ত বললেন আকমার। কিন্তু সেটা বিদায়ী ম্যাচ নয়। তার মতে, ‘‘এটা ক্লাব ক্রিকেট নয়, যেখানে আপনি একজন খেলোয়াড়কে ওয়ানডে খেলাবেন। আমরা বরং তার জন্য একটা বিদায়ী ডিনার আয়োজন করতে পারি।’’