বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যার প্রধান আসামি ও ‘ক্রসফায়ারে’ নিহত নয়ন বন্ডের উত্থানের পেছনে কারা আছেন তা খুঁজে বের করতে চান বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
নয়ন বন্ড একদিনে তৈরি হয়নি কেউ না কেউ তাকে বানিয়েছে- আদালতের এমন মন্তব্যের প্রেক্ষিতে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সেটিরও তদন্ত চলছে। আমরাও বের করতে চাই কারা তাকে এমন বানিয়েছিল’।
শুক্রবার দুপুরে রাজধানীর ধানমন্ডির আবাহনী মাঠে ঢাকা ব্যাংক ফিবা অনূর্ধ্ব ১৬ এশিয়ান চ্যাম্পিয়নশিপ দলের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
ঘুষ লেনদেনের ঘটনায় আলোচিত দুদক পরিচালক নামল বাতিলের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
তিনি বলেন, আমরা সব সময় আইনের প্রতি শ্রদ্ধাশীল। দেশের মানুষও আইনের শাসন প্রতিষ্ঠা দেখতে চায়। সে লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে।
মন্ত্রী বলেন, দুদকের কর্মকর্তা বাছিরের বিরুদ্ধে তদন্ত চলছে। তদন্তের পর তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। যেমনটি নেয়া হয়েছিল ডিআইজি মিজানের বিরুদ্ধে। ডিআইজিকেও তদন্তের পর আইনের আওতায় আনা হয়েছে।
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা কেউ বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সমর্থন করি না। তবে, নয়নের বিষয়ে যেটি হয়েছে সেটি ছিল আত্মরক্ষার স্বার্থে।