আজ রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। পয়েন্ট টেবিলে দু’দল দাঁড়িয়ে দুই প্রান্তে। প্রথম আট ম্যাচের সাতটি জিতে অজিরা টেবিলের শীর্ষে। অন্যদিকে আট ম্যাচের পাঁচটিতে হারা দক্ষিণ আফ্রিকা আট নম্বরে। বিশ্বকাপ সেমিফাইনালের স্বপ্ন আগেই ভেঙে গেছে তাদের। এ ম্যাচে জিতলে আত্মবিশ্বাসটা ফিরতে পারে প্রোটিয়াদের। তাই প্রাণপণে একটি জয় নিয়ে মাথা উঁচু করে দেশে ফিরতে চাইছে দক্ষিণ আফ্রিকা।
ইংল্যান্ডের মাটিতে ২০ বছর পর আবার মুখোমুখি দুই দল। এজবাস্টনে দারুণ নাটকীয় ম্যাচ হয়েছিল ১৯৯৯-এর বিশ্বকাপের সেমিফাইনালে। হার্শেল গিবসের ক্যাচ ফেলার সুযোগে বিধ্বস্ত অস্ট্রেলিয়াকে সেঞ্চুরি দিয়ে টেনে তুলেছিলেন অধিনায়ক স্টিভ ওয়াহ। ২১৩ রানের টার্গেট ছুঁয়ে ফেলেছিল প্রোটিয়ারা। রান নিতে গিয়ে ল্যান্স ক্লুজনারের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে যান অ্যালান ডোনাল্ড। টাই হয় ম্যাচ। সুপার সিক্সে শ্রেয় রানরেটের কারণে ফাইনালে ওঠে অস্ট্রেলিয়া। এরপর
পাকিস্তানকে হারিয়ে জেতে বিশ্বকাপ।
এ ম্যাচে অস্ট্রেলিয়াও জয় চায়। তবে ভিন্ন কারণে। আজ ওল্ড ট্র্যাফোর্ডে জিতলে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে লিগ পর্ব শেষ করবে। সে ক্ষেত্রে সেমিফাইনালে তারা পাবে কম শক্তির নিউজিল্যান্ডকে। কৌশলগত কারণেই জয় ছাড়া কিছু ভাবছে না অজিরা। তাছাড়া ছন্দ ধরে রাখার একটা ব্যাপার আছে। একমাত্র ভারতের কাছে ছাড়া লিগ পর্যায়ে কোনো ম্যাচ হারেনি চ্যাম্পিয়নরা। ইংল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান এবং বাংলাদেশের মতো দলকে হারিয়েছে তারা। স্বাভাবিক কারণে জয়ের ধারা আজও ধরে রাখতে চাইবে অ্যারন ফিঞ্চের দল। দক্ষিণ আফ্রিকাকে হারালে বাড়তি আত্মবিশ্বাস মিলবে।
শক্তি ও ছন্দে দুদিকেই প্রোটিয়াদের চেয়ে এগিয়ে অস্ট্রেলিয়া। বিশেষ করে দুই অজি ওপেনার ক্যারিয়ারের সেরা ফর্মে আছেন। ডেভিড ওয়ার্নার ৭৩.৭১ গড়ে ৫১৬ রান করেছেন। অধিনায়ক ফিঞ্চ ৬৩ গড়ে করেছেন ৫০৪ রান। এই বিশ্বকাপে দুটি করে সেঞ্চুরি আছে তাদের। অস্ট্রেলিয়ার জন্য একটাই হতাশা স্টিভেন স্মিথ তেমন রান পাচ্ছেন না। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে বল হাতে তিনি ম্যাজিক দেখিয়েছেন। যা নিয়ে পরে গ্লেন ম্যাক্সওয়েল বলেন, ‘আমি ফিল্ডিং করছিলাম কাভারে। স্মিথ বল করতে যাচ্ছে দেখে আমি নিজেই অবাক হয়ে গিয়েছিলাম। তখন ব্যাটসম্যান জিমি নিশামের মুখটা দেখেছিলাম। পুরো মনে হচ্ছিল, ও ভাবছে, কী হচ্ছে এসব? স্মিথ আসলে অসম্ভব প্রতিভাবান। ও পাগলাটে। নেটেও ও পরপর দুই বল লেগ আর অফ স্পিন করছিল। আর সেগুলো ঠিক জায়গায় ফেলছিল। পাশাপাশি ব্যাট হাতেও কাজ করে যাচ্ছে।’
ম্যাক্সওয়েল নিজেও শেষের দিকে ম্যাচ বদলে দেওয়ার মতো ইনিংস খেলছেন। যদিও বিশ্বকাপে নিজের ফর্ম নিয়ে তিনি খুব সন্তুষ্ট নন। বিগ হিট নিতে গিয়ে আউট হওয়ার প্রসঙ্গে বলেছেন, ‘বারবার এ ঘটনায় নিজেই বিরক্ত। মনে হচ্ছে আমি বল ঠিকই হিট করছি। কিন্তু রান পাইনি। আমি চাচ্ছি ক্রিজে পৌঁছে রিল্যাক্সড থাকতে। যেভাবে চাচ্ছি সেভাবে রান পাচ্ছি না। কিন্তু আমার মনে হয় না বড় রান খুব দূরে আছে।’ অস্ট্রেলিয়ার টপ অর্ডার ব্যাটসম্যান শন মার্শ ইনজুরিতে পড়েছেন। তার পরিবর্তে দলে ডাক পেয়েছেন পিটার হ্যান্ডসকম্ব। আজ তিনি খেলবেন কি না নিশ্চিত নয়।
ওল্ড ট্র্যাফোর্ডে জিততে হলে যার ম্যাজিকের ওপর দক্ষিণ আফ্রিকার বিশ্বাস রাখতে হবে তিনি ইমরান তাহির। দেশের হয়ে নিজের শেষ একদিনের ম্যাচ খেলবেন তিনি। শেষ ম্যাচে দলের জন্য একটি জয় চান। তাহির বলেছেন, ‘দল হিসেবে জয়ের মাধ্যমে একটা ভালো ধারণা দিয়ে বিশ্বকাপ শেষ করতে চাই।’ নিজের অবসর সম্পর্কে বলেছেন, ‘আমার জীবনের এটা বিশেষ মুহূর্ত। সবসময়ই ক্রিকেট খেলতে চেয়েছিলাম, যতদিন সম্ভব খেলতে চেয়েছিলাম। তবে মনে হয়েছে এটাই চলে যাওয়ার সেরা সময়।’
সতীর্থর শেষ ওয়ানডেতে একটা জয় কি উপহার দিতে পারবেন না ফাফ ডু প্লেসিরা?