পাকিস্তানের বিপক্ষে নিজের শেষ বিশ্বকাপ ম্যাচটা খেললেন মাশরাফী বিন মোর্ত্তজা। শেষ আন্তর্জাতিক ম্যাচও কি ছিল এটি? একদিন আগে গুঞ্জন ছড়িয়েছিল পাকিস্তানের বিপক্ষেই বিদায় বলে দেবেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। যদিও বিশ্বকাপের মাঝপথে বলেছিলেন দেশে ফিরে অবসর নিয়ে ভাববেন।
শুক্রবার লর্ডসে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ শেষে তাই মাশরাফীর ওপর চোখ ছিল সবার। পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও সংবাদ সম্মেলন, দুই জায়গাতেই মাশরাফী এ নিয়ে কথা বললেন। দুই জায়গাতেই একই উত্তর দিলেন মাশরাফী। বললেন দেশে ফেরার পর অবসরের বিষয় নিয়ে ভাববেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রমিজ রাজার প্রশ্নের উত্তরে মাশরাফী বলেন, ‘‘দেশে ফেরার পর এটা নিয়ে ভাবব।’’
এরপর সংবাদ সম্মেলনেও হলো একই প্রশ্ন। দলের নানা দিক ছাড়াও মাশরাফীকে প্রশ্ন করা হলো তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে। টাইগার অধিনায়ক বললেন, ‘‘আমার ভবিষ্যৎ পরিকল্পনা… অবশ্যই এখান থেকে দেশে ফিরি। এরপর আমি অবসর নিয়ে ভাবব।’’
নিজের শেষ বিশ্বকাপ খেললেন। ২০০৩, ২০০৭, ২০১৫ ও ২০১৯- এই চার বিশ্বকাপ খেলা মাশরাফী নিজের প্রাপ্তি নিয়ে কতটা খুশি? এর উত্তরে মাশরাফী বললেন, ‘‘কোনো আক্ষেপ নেই। আক্ষেপ এই মুহূর্তে যেটা হচ্ছে, অবশ্যই সাকিবের জন্য বেশি খারাপ লাগছে। এটাই সবচেয়ে বড় আক্ষেপ। যে টুর্নামেন্ট ও খেলেছে আমাদের টিম সেমিফাইনালে খেলা ডিজার্ভ করে।’’
‘‘একজন খেলোয়াড় যখন এভাবে পারফর্ম করে তখন একটা টিমের অন্তত সেমিফাইনালে খেলার কথা। কিন্তু দুর্ভাগ্য বসত আমাদের তা হয়নি। যখন যেটা করার সেটা আমরা করতে পারিনি। এই জিনিসগুলোই আক্ষেপের।’’