নিজের ৫ উইকেট পূরণ হতেই বাঁধ ভাঙ্গা আনন্দে মাতলেন শাহিন শাহ আফ্রিদি। সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জানাতে সেজদায় নত হলেন। চোখে-মুখো টকবগে এক যুবকের ‘এক পৃথিবী’ মুঠোয় পাবার অনূভূতি। শুক্রবার শাহিন শাহ আফ্রিদি যা করলেন, আসলে তার চেয়ে কম কি!
ওয়ানডে ক্যারিয়ারে নিজের প্রথম ৫ উইকেট পেলেন। সেটিও বিশ্বকাপের মঞ্চে। এমনকি বিশ্বকাপের ইতিহাসে সর্বকনিষ্ঠ বোলার হিসেবে এই কীর্তি তার। বাংলাদেশের বিপক্ষে ৯৪ রানে জেতা ম্যাচটিতে সবমিলে ৬ উইকেট নিয়ে হলেন ম্যাচসেরা। পাকিস্তানের ক্রিকেটের এই আফ্রিদি যে আন্তর্জাতিক ক্রিকেট বল হাতে রাজত্ব করতে চান সেই বার্তাও কি দিলেন না।
এদিন আফ্রিদির বোলিং স্পেল ৯.১-০-৩৫-৬। এটা শুধু শাহিন আফ্রিদির সেরা পারফরম্যান্স নয়, বিশ্বকাপে পাকিস্তানের পক্ষেও সেরা পারফরম্যান্স। আগে যে কীর্তি ছিল শহীদ আফ্রিদির।
অথচ আসরের শুরুতে একাদাশে সুযোগই মিলছিল না শাহিন আফ্রিদির। হাসান আলির জায়গায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লর্ডসেই এই আসরে নিজের প্রথম ম্যাচ খেলেন। নিজের প্রথম বিশ্বকাপ ম্যাচে নেন ১ উইকেট। এরপর তার পারফরম্যান্স কেবই বেড়েছে। পরের তিন ম্যাচে তার উইকেট যথাক্রমে ২, ৩ ও ৬।
লিগ পর্বেই পাকিস্তানকে থামতে হলো। তবে নিজেদের শেষ ম্যাচে শাহিন যেন জানান দিয়ে রাখছেন, আগামীর তারকা হয়ে আসছেন তিনি। পাকিস্তানের পক্ষে ৩টি টেস্ট, ১৯টি ওয়ানডে ও ১০টি টি-টুয়েন্টি খেলেছিল শাহিন শাহ আফ্রিদি।