যে পেরুকে গ্রুপ পর্বে ব্রাজিল ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে কোপা আমেরিকার ফাইনালে সেই দলটিরই মুখোমুখি হতে যাচ্ছে স্বাগতিক ব্রাজিল। তবে শিরোপার চূড়ান্ত লড়াইয়ে এত বেশি গোল হওয়ার কোনো সম্ভাবনা দেখছেন না দলটির মিডফিল্ডার কাসেমিরো।
রিও ডি জেনেরিওর ঐতিহ্যবাহনী মারাকানা স্টেডিয়ামে রোববার বাংলাদেশ সময় রাত দুইটায় এবারের কোপার ফাইনালে মুখোমুখি হবে ব্রাজিল-পেরু। স্বাগতিক হওয়ায় ও শক্তি সামর্থ্যের দিক থেকে এই লড়াইয়ে ফেভারিট ভাবা হচ্ছে ব্রাজিলকেই।
টুর্নামেন্টে দারুণ ছন্দে রয়েছে ব্রাজিল। ফাইনালে আসা পর্যন্ত নির্ধারিত সময়ের লড়াইয়ে একটি গোলও হজম করেনি তারা। এর মধ্যে গ্রুপ পর্বে তিন ম্যাচে প্রতিপক্ষের জালে আটবার বল পাঠায় তিতের দল। পেরুর বিপক্ষে গোল পায় পাঁচটি।
প্যারাগুয়ের বিপক্ষে কোয়ার্টার-ফাইনালের লড়াইটি টাইব্রেকারে গড়ালে চারটি গোলের বিপরীতে তিনটি গোল হজম করতে হয় ব্রাজিলকে। এরপর সেমি-ফাইনালে চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে দলটি।
অন্যদিকে পেরুও বেশ দাপট দেখিয়েছে। ‘এ’ গ্রুপে ব্রাজিলের নিচে থেকে কোয়ার্টার-ফাইনালে ওঠে তারা। শেষ আটের লড়াইয়ে শক্তিশালী উরুগুয়েকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে সেমি-ফাইনালে যায় দলটি। শেষ চারে ৩-০ গোলে হারিয়ে দেয় গত দুইবারের চ্যাম্পিয়ন চিলিকে।
ফাইনালে পেরুকে ব্রাজিল খুব সতর্ক বলে জানালেন কাসেমিরো। শিরোপা নির্ধারণী লড়াই বলে এখানে দলের খুব বেশি গোল পাওয়ার প্রত্যাশা নেই বলে সমর্থকদের জানিয়ে দিয়েছেন এই রিয়াল মাদ্রিদ তারকা।
“এটা ফাইনাল। আমরা গোল উৎসব প্রত্যাশা করছি না।...এটা কঠিন ম্যাচ হবে। ফাইনালে কঠিন লড়াইয়ের জন্য তারা ( পেরু ) প্রস্তুতি নিচ্ছে।”
“পেনাল্টি, অতিরিক্ত সময়ের খেলা -যেভাবেই হোক তারা জিততে চাইবে। আমরাও জিততে চাইব। ভালো খেলব, গোল করব এবং চ্যাম্পিয়ন হবো।”
“আগের ম্যাচটিতে ম্যাচটিতে পেরুর সঙ্গে এক পরিস্থিতিতে খেলেছি। আর এখন পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। আমাদের বুঝতে হবে যে, আমাদের অনেক কাজ করতে হবে। কেননা ফাইনাল হলো অনন্য এক লড়াই।”