বলিউডের ধনী নায়কদের তালিকায় প্রথম বা দ্বিতীয়তে বরাবরই থাকেন সালমান খান। তার পেছনে টাকা ঢালতে কার্পণ্য করেন না নির্মাতারা। কারণ, ছোট বা বড়- যে পর্দাতেই আসুন না কেন দর্শকের বিনোদন একেবারে নিশ্চিত।
সেই বিবেচনায় টিভি চ্যানেলকে চড়া টিআরপি দেওয়ার জন্য তার পারিশ্রমিক যে অনেক হবে, তাতে সন্দেহ নেই।
সম্প্রতি শোনা যায়, রিয়্যালিটি শো ‘বিগ বস’-এর ১৩তম সিজনে সঞ্চালনার জন্য সালমান ৪০০ কোটি রুপি পারিশ্রমিক পাচ্ছেন।
বলা হচ্ছিল, প্রতি সপ্তাহান্তের স্পেশাল অ্যাপিসোড শুট করতে তিনি ৩১ কোটি রুপি করে পাচ্ছেন। কিন্তু ‘বিগ বস’-এর টিম থেকেই জানা গিয়েছে, এই তথ্য আদৌ সত্যি নয়।
আগের সিজনে পারিশ্রমিক বাবদ ১৬৫ কোটি রুপি পেয়েছিলেন সালমান। এবার পারিশ্রমিক বাড়িয়েছেন তিনি। প্রতি অ্যাপিসোড শুটের জন্য যে অঙ্কটা তিনি চেয়েছেন, তাতে ২০০ কোটির কাছাকাছি মতো পাবেন বলেই শোনা যাচ্ছে। অর্থাৎ অ্যাপিসোড প্রতি ১৩ কোটি রুপির মতো!
সালমানকে সর্বশেষ দেখা গেছে ‘ভারত’ সিনেমায়। বছর শেষে মুক্তি পাবে ‘দাবাং থ্রি’। শিগগিরই শুরু করবেন ‘ইনশাল্লাহ’-র দৃশ্যায়ন, সঞ্জয়লীলা বানসালি পরিচালিত ছবিটির নায়িকা হিসেবে আছেন আলিয়া ভাট।