এখনো কৃত্রিমভাবে শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। তার শারীরিক অবস্থা স্বাভাবিক হলে কৃত্রিম সাপোর্ট খুলে ফেলা হবে।
শনিবার দুপুরে জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয়ে এক ব্রিফিংয়ে পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের একথা জানান।
রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) চিকিৎসকদের বরাত দিয়ে তিনি বলেন, পল্লীবন্ধুর শারীরিক অবস্থা অপরিবর্তিত আছে। গত দুই দিন ধরে তাকে ডায়ালাইসিস (হেমো ডায়া ফিল্টারেশন এবং হেমো পারফিউশন) দেওয়া হচ্ছে।
জিএম কাদের বলেন, চিকিৎসকরা আশাবাদী, অত্যাধুনিক চিকিৎসায় সাবেক এই রাষ্ট্রপতি সুস্থ হয়ে উঠতে পারেন। তবে তিনি এখনো শঙ্কামুক্ত নন।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সিএমএইচের চিকিৎসকরা পার্টি চেয়ারম্যানের শারীরিক পরীক্ষা-নিরীক্ষার সকল রিপোর্ট সিঙ্গাপুরে পাঠিয়েছেন। কিন্তু সিঙ্গাপুরের বিশেষজ্ঞরা পল্লীবন্ধুকে সিঙ্গাপুরে পাঠানোর বিষয়ে নিরুৎসাহিত করেছেন।
এরশাদের ছোটভাই বলেন, কৃত্রিমভাবে পল্লীবন্ধুর শ্বাস-প্রশ্বাস চলেছে। তার শারীরিক অবস্থা স্বাভাবিক হলে কৃত্রিম সাপোর্ট খুলে ফেলা হবে।
এসময় সারাদেশের মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডায় শুক্রবার ধর্মপ্রাণ মানুষ সাবেক এই রাষ্ট্রপতির রোগমুক্তি এবং সুস্থতা কামনায় প্রার্থনা করায় ব্যক্তিগত, পরিবার এবং পার্টির নেতাকর্মীদের পক্ষ থেকে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান জিএম কাদের।
সংবাদ সম্মেলনে জাপা মহাসচিব এবং বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা, পার্টির প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, সুনীল শুভ রায়, এসএম ফয়সল চিশতী প্রমুখ উপস্থিত ছিলেন।