সর্বশেষ সিনেমা ‘মনিকর্ণিকা’য় কঙ্গনা রনৌতকে ঝাঁসির রানির চরিত্রে দেখা গেছে। পুরোপুরি যুদ্ধংদেহী অবতারে দর্শক মাতিয়েছেন। এবার একদম হাল সময়ের নিরিখে লড়াকু চরিত্রে দেখা যাবে এই নায়িকাকে।
নতুন ছবিটির নাম ‘ধাকড়’। পরিচালনা করছেন রাজনীশ ঘাই।
‘কুইন’ অভিনেত্রীর মতে, ছবিটি হিট হলে বলিউড নায়িকাদের পেছন ফিরে দেখতে হবে না।
কঙ্গনা বিভিন্ন সময়ে নানা ধরনের চরিত্র নিয়ে নিরীক্ষা করেছেন। দর্শক থেকে সমালোচক- সবারই প্রশংসা পেয়েছেন। শনিবার নতুন নারী কেন্দ্রিক অ্যাকশন ছবিটির ফার্স্টলুক প্রকাশে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সবাই।
সম্প্রতি এক সাক্ষাৎকারে কঙ্গনা বলেন, “মণিকর্ণিকা’র অভাবনীয় সাফল্যের পর এটা স্পষ্ট যে দর্শক নারী কেন্দ্রিক লার্জার দ্যান লাইফ ছবি দেখতে পছন্দ করছেন। ‘ধাকড়’ শুধুমাত্র আমার ক্যারিয়ারেরই নয়, ভারতীয় চলচ্চিত্রের জন্যও টার্নিং পয়েন্ট হতে চলেছে।”
সঙ্গে যোগ করেন, “দিওয়ালিতে এই ছবি মুক্তি পেলে সবচেয়ে ভালো হয়। ছবিটি যদি হিট করে তাহলে ভারতীয় চলচ্চিত্রে নারীদের আর পেছন ফিরে দেখতে হবে না।”
ছবির অ্যাকশন দৃশ্যের জন্য হলিউডের প্রথম সারির অ্যাকশন ডিরেক্টরকে নিয়োগ করার কথা ভাবছেন নির্মাতারা।
‘ধাকড়’-এর বেশির ভাগ শুটিং হবে ভারত, দক্ষিণ পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য ও ইউরোপে। কঙ্গনার ভাষ্য ঠিক হলে ছবিটি মুক্তি পাবে ২০২০ সালের দিওয়ালি উৎসবে।
এদিকে চলতি মাসেই মুক্তি পাবে আলোচিত অভিনেত্রীর ডার্ক-কমেডি সিনেমা ‘জাজমেন্টাল হ্যায় ক্যায়া’। তার সঙ্গে আরও আছেন রাজকুমার রাও।