ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত একটি ফ্যাশন উইকের মধ্যমণি ছিলেন কানাডীয় গায়িকা সেলিন ডিওন। কিন্তু তার চিমসে যাওয়া শারীরিক গড়ন দেখে চিন্তিত হয়ে উঠেছেন ভক্তরা। অনেকে সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে সেই কথা জানিয়েছেন।
তারা বলছেন, ‘মাই হার্ট উইল গো অন’-খ্যাত গায়িকাকে ভয় পাওয়ার মতো চিকন মনে হচ্ছে।
৫১ বছরের সেলিন যখন ফ্রান্সের রাজধানীতে পৌঁছান, তখন থেকে চিত্রশিকারীরা পিছু নেন। তাকে প্যারিসের রাস্তায় ও অনুষ্ঠানস্থলে দেখা যায়।
সেলিন ডিওনের ছবি অনলাইনে শেয়ার করেছে ভোগ অস্ট্রেলিয়া। সেখানে আইরিশ ভন হার্পেনের আউটফিটে দেখা যায় তাকে। কিন্তু ছবিটি মাত্র ৩ হাজার লাইক পেয়েছে। অনেকে নিজেদের অ্যাকাউন্টে শেয়ার করে ভয়ের কথা জানান।
তার স্লিম ফিগারকে ‘ভীতিকর’ বলার পাশাপাশি কারো কারো দাবি, বয়স ও উচ্চতা বিচারে সেলিনের ওজন যথাযথ নেই। যা ভালো কোনো লক্ষণ নয়।
অনেকে এই সব ছবি প্রকাশের জন্য ভোগ অস্ট্রেলিয়াকে দুষছেন। তাদের মতে, সাময়িকীটি চাইলে আরও সুন্দর ছবি ছাপাতে পারতো।
অবশ্য এবারই প্রথম নয়। এর আগেও ভক্তরা গায়িকার ফিটনেস নিয়ে কথা বলেছেন।
সর্বশেষ জানুয়ারিতে আত্মপক্ষ সমর্থন করেন সেলিন ডিওন। নিজেকে আরো শক্তিশালী, সুন্দর, নারী সুলভ ও যৌন আবেদনময়ী হিসেবে অনুভব করতে চান বলে জানান তিনি।
যেহেতু এমনটাই তিনি পছন্দ করেন, তাই এই নিয়ে কোনো মন্তব্য করবেন না। কারো যদি ভালো না লাগে, তাহলে তাকে দেখার দরকার নেই।