শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক শিক্ষার পাশাপাশি মূল্যবোধ সৃষ্টিতে জোর দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এ ছাড়া, যে শিক্ষার্থী উচ্চ শিক্ষা নিবে না তারও কর্মসংস্থানের ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।
শনিবার সকালে চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব বলেন।
দীপু মনি বলেন, সরকার কারিগরি শিক্ষার উপর জোর দিচ্ছে। কোনো শিক্ষার্থী যে পর্যায়ে গিয়েই শিক্ষা বন্ধ করতে বাধ্য হন কিংবা সিদ্ধান্ত নেন যে তিনি আর উচ্চ শিক্ষা নেবেন না, তারও যেন কর্মসংস্থানের সুযোগ থাকে, শিক্ষা পদ্ধতিতে সে ব্যবস্থা নেয়া হচ্ছে।
তিনি বলেন, শিক্ষার্থীরা ভাষা, গণিত, বিজ্ঞান ও আইসিটি বিষয়ে যেমনি দক্ষতা অর্জন করবে তেমনি মানবিকতা দেশপ্রেম মূলবোধও শিখবে। বিষয়ভিত্তিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মূল্যবোধ সৃষ্টিতে জোর দেওয়া হচ্ছে।
এ সময় চাঁদপুরের জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিজানুর রহমান খান, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান উপস্থিত ছিলেন।
পরে মন্ত্রী চাঁদপুর সদর উপজেলা অডিটোরিয়ামে নিজের তহবিল থেকে গরিব অসহায়দের মাঝে চেক বিতরণ করেন। এ ছাড়া মন্ত্রী নিজ বাসভবনে তার নির্বাচনী এলাকার জনসাধারণ ও দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময় করেন।