নড়াইলের লোহাগড়ায় তাজ নামে তিন বছরের এক শিশু ওষুধ মনে করে বিষপান করে গুরুতর অসুস্থ হয়ে পড়েছে বলে খবর পাওয়া গেছে। মুমূর্ষু অবস্থায় তাকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার সকালে এ ঘটনা ঘটে। তাজ লোহাগড়া উপজেলার মঙ্গলহাটা গ্রামের হুমায়ূন কবীরের ছেলে।
শিশুটির পিতা হুমায়ূন কবীর জানান, তাদের ঘরে উকুন মারার জন্য ফুরাডান বিষ তেলের সঙ্গে মিশিয়ে বোতলে রাখা হয়েছিল। ছেলেটির জ্বর হওয়ায় ওষুধ মনে করে বোতলে থাকা বিষ পান করে। এতে সে অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। কিন্তু অবস্থার কোন উন্নতি না হওয়ায় তাকে নড়াইল সদর হাসপাতালে স্থানান্তর করে।
নড়াইল সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মহিউদ্দিন বলেন, শিশুটিকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। কোন পরিবর্তন না হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।’