বড় কিছু পেতে গেলে আমাদের অবশ্যই কিছু স্যাক্রিফাইস করতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। তিনি বলেন, দীর্ঘস্থায়ী সুবিধার জন্য সাময়িক অসুবিধা মেনে নিতে হবে।
রাজধানীর প্রগতি সরণির কুড়িল থেকে মালিবাগ রেল গেট পর্যন্ত রিকশা চলাচল বন্ধের বিষয়ে শনিবার আয়োজিত এক সভায় তিনি এ কথা বলেন।
মেয়র বলেন, হয়ত কারও কিছু অসুবিধা হবে। কিন্তু আমাদের দীর্ঘস্থায়ী চিন্তা করতে গেলে এই শর্টটার্ম বিষয়গুলোকে ওভারকাম করতে হবে। বড় কিছু পেতে গেলে আমাদের অবশ্যই কিছু স্যাক্রিফাইস করতে হবে।
উল্লেখ্য, প্রগতি সরণিতে রিকশা চলাচল রোববার থেকে বন্ধ হচ্ছে। বিকল্প ব্যবস্থা না করে এই সড়কে রিকশা চলাচল বন্ধের সিদ্ধান্তে এলাকাবাসীও বিষয়টি ভালোভাবে নেন নি। এছাড়া, আয় কমে কর্মহীন হয়ে পড়ার আশঙ্কায় আছেন রিকশাচালকরাও।
আতিক বলেন, “আমাদের কুড়িল বিশ্বরোড থেকে মালিবাগ পর্যন্ত সড়কটি প্রশস্ত। এই সড়কে দু ধরনের যান চলতে পারে না।”
তিনি বলেন, “আমরা কাল থেকে রাস্তায় নামব, লোকজনকে সচেতন করব। একদিনেই চাইলেই তা বন্ধ করে দেওয়া যাবে না। আমরা ধীরে ধীরে রিকশা বন্ধ করব। এভাবে দুই মাসের মধ্যে পুরো সড়কে রিকশা চলাচল বন্ধ করে দেওয়া হবে। পাশাপাশি এই সড়কে বিকল্প পরিবহনের ব্যবস্থা করা হবে।”
সভায় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল হাই, ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মফিজ উদ্দিন আহমেদ, পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার মোস্তাক আহমেদ, রিকশা মালিক ও শ্রমিক কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।