পাঁচ দফা দাবি পূরণে এবং দুর্ভোগ নিরসনে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষের আশ্বাস বাস্তবায়ন না হওয়ায় আবারও আন্দোলনে নেমেছে বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা।
শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে শিক্ষার্থীরা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা এই আন্দোলন করছেন।
আন্দোলনের সমন্বয়ক আবু বকর বলেন, ‘সময়মতো পরীক্ষা না নেওয়া, রেজাল্ট প্রকাশে সাত থেকে আট মাস বিলম্ব করা, বিনা নোটিশে নতুন নিয়ম কার্যকর, একই বিষয়ে গণহারে ফেল, খাতার সঠিক মূল্যায়ন না হওয়া, সিলেবাস বহির্ভূত প্রশ্ন পদ্ধতিসহ নানা সমস্যা তৈরি হয়েছে। কিন্তু কর্তৃপক্ষকে জানানোর পরও এ সমস্যার সমাধান হয়নি। ঢাবি কর্তৃপক্ষ বারবার সমস্যা সমাধানের আশ্বাস দিলেও তার ফল পাচ্ছে না শিক্ষার্থীরা।’
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, আমরা যখন পাঁচ দফা দাবিতে আন্দোলনের নামি এই আন্দোলনের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেয়, আমরা আন্দোলন স্থগিত করে ক্লাসে ফিরে যাই। কিন্তু প্রকাশিত একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী কলেজের কাজ বাস্তবায়ন না হওয়ায় আমরা আমাদের অনিশ্চিত শিক্ষাজীবন নিয়ে হতাশ। এমতাবস্থায় আমাদের অধিভুক্ত কলেজের বিষয়ে কোনো আশ্বাস নয়, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে সমস্যার সমাধান চাই। আমরা হতাশ, তবে প্রধানমন্ত্রীর প্রতি আস্থা রাখতে চাই। কিন্তু বিশ্ববিদ্যালয়ের আর কোনো মিথ্যা আশ্বাস আমরা শুনতে চাই না।