নোয়াখালীতে অন্তঃসত্ত্বা গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ২ জন গ্রেপ্তার

নোয়াখালীর সুধারাম থানায় দক্ষিণ শুল্লুকিয়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূকে ধর্ষণ এর ঘটনায় ধর্ষিতার স্বামী বাদী হয়ে মামলা করেছে। এই ঘটনায় দুই ধর্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।  

নোয়াখালী পুলিশের সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জানান, বুধবার রাতে নোয়াখালীর সদর উপজেলার সুধারাম থানার  দক্ষিণ শুল্লুকিয়া গ্রামের এক সন্তানের জননী অন্তঃসত্ত্বা (৩০) গৃহবধূকে স্বামীকে আটক করে ধর্ষণ ও ঘর থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটপাটের ঘটনায় বৃহস্পতিবার রাতে সুধারাম থানায়  মামলা হয়েছে।  

মামলায় ২ জনের নাম দিয়ে ৪/৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। পুলিশ সুলতান আহমদ ও কামাল হোসেন নামে দু’ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার কামাল হোসেন ধর্ষণের কথা স্বীকার করেছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা জানান, আসামিদের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে অধিকতর তদন্তের জন্য রিমান্ডের আবেদন করা হবে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, ডাক্তারি রিপোর্ট পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং অবশিষ্ট আসামিদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।