রাজধানীতে গভীর রাতে বেপরোয়া বাসের ধাক্কায় ট্রাফিক পুলিশ নিহত

রাজধানীর যাত্রাবাড়ী থানার সামনের রাস্তায় কর্তব্যরত অবস্থায় বাসের চাপায় খায়রুল আলম (৩০) নামের পুলিশের এক এএসআই নিহত হয়েছেন। তিনি ডেমরা ট্রাফিক জোনে কর্মরত ছিলেন। শনিবার সন্ধ্যা পর্যন্ত ঘাতক বাসকে চিহ্নিত করতে পারেনি পুলিশ।

শুক্রবার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে যাত্রাবাড়ী থানার ওসি মাজহারুল ইসলাম। খায়রুলের বাড়ি নীলফামারী সদর উপজেলার রামগঞ্জ দোগাতী গ্রামে। বাবার নাম গোলাম কিবরিয়া।

গুরুতর আহত অবস্থায় খায়রুলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা রাত ২ টা ৪০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

খায়রুলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা ডেমরা ট্রাফিক জোনের সার্জেন্ট ইবনে ফিরোজ বলেন, রাতে যাত্রাবাড়ী থানার সামনের চৌরাস্তায় ডিউটিরত ছিলেন খায়রুল। এসময় একটি বাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

নিহতের চাচাতো ভাই মো. হাবিবুর রহমান বলেন, খায়রুল রাজারবাগ পুলিশ লাইনের পাশেই একটি ভাড়া বাসায় ২ ছেলে, ১ মেয়ে ও স্ত্রী কবিতা আক্তারকে সঙ্গে নিয়ে থাকতেন। ২০০১ সালে তিনি চাকরিতে যোগ দেন। এরপর গত ২ বছর সে পদোন্নতি পেয়ে এএসআই হন।

তিনি জানান, খায়রুলের লাশ প্রথমে রাজারবাগ পুলিশ লাইনে নিয়ে যাওয়া হবে। পরে তার লাশ সেখান থেকে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে।

লাশের সুরতহাল প্রতিবেদনে যাত্রাবাড়ী থানার এসআই আবু কাউসার উল্লেখ করেন, কোনো বেপরোয়া যানবাহনের চাপায় আহত হন খায়রুল। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

যাত্রাবাড়ী থানার ওসি মাজহারুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, ‘এখনো বাসটিকে শনাক্ত করা সম্ভব হয়নি। কাউকে গ্রেপ্তারও করা হয়নি। অনেক রাতের ঘটনা। সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করার চেষ্টা চলছে।