৩৮৩০ কোটি ডলারে বিজোস-ম্যাকেঞ্জির বিচ্ছেদ সম্পন্ন

ই-কমার্স জায়ান্ট অ্যামাজনের প্রতিষ্ঠাতা ও সিইও জেফ বিজোসের সঙ্গে ম্যাকেঞ্জি বিজোসের বিবাহ বিচ্ছেদ সম্পন্ন হয়েছে। শুক্রবার ওয়াশিংটনের এক বিচারক তাদের বিবাহ বিচ্ছেদ কার্যকর করেন।

বিচ্ছেদের পর এবার ম্যাকেঞ্জির নামে অ্যামাজনের চার শতাংশ শেয়ার (১৯ দশমিক ৭ মিলিয়ন শেয়ার) লিখে দেওয়া হবে। এতে করে অ্যামাজনে বিজোসের শেয়ার ১৬ শতাংশ থেকে কমে দাঁড়াবে ১২ শতাংশে। এই চার শতাংশ শেয়ারের অর্থমূল্য ৩৮ দশমিক ৩ বিলিয়ন ডলার (৩ হাজার ৮৩০ কোটি ডলার)।

বিজোসের ১৩৭ বিলিয়ন ডলারের (১৩ হাজার ৭০০ কোটি ডলার) সম্পত্তির পুরোটাই ছিল অ্যামাজনের ১৬ শতাংশ শেয়ার রূপে। এখন এই ১২ শতাংশ শেয়ারের অর্থমূল্য দাঁড়াবে ১১৪ দশমিক ৮ বিলিয়ন ডলার। তবে ৪ শতাংশ শেয়ার কমার পরও বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিই থাকবেন জেফ বিজোস।

তবে বিচ্ছেদ থেকে প্রাপ্ত অর্থের অর্ধেকই ম্যাকেঞ্জি দান করে দেবেন আরেক বিলিয়নিয়ার ওয়ারেন বাফেট ও বিল গেটসের ঘোষিত ক্যাম্পেইনে। গত মে মাসে তিনি জানান, ‘গিভিং প্লেজ’ নামের ক্যাম্পেইনটিতে এ অর্থ দান করবেন।

গত জানুয়ারি মাসেই টুইটারে যৌথ এক বিবৃতিতে তারা দুজন বিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়ার কথা জানান। এই বিচ্ছেদ

পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল বিচ্ছেদ হিসেবে পরিচিতি পেয়েছে।