গলাচিপায় শিশু ধর্ষণের অভিযোগ মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে

গলাচিপায় ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক হাফিজিয়া মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে।

উপজেলার উত্তর চরবিশ্বাস হাদিউল উম্মা মহিলা মাদ্রাসার শিক্ষক মোহম্মদ ফরাজিকে আসামি করে শিশুটির বাবা বাদী হয়ে শনিবার গলাচিপা থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার পর থেকে অভিযুক্ত শিক্ষক পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জানা গেছে, উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের উত্তর চরবিশ্বাস হাদিউল উম্মা মহিলা মাদ্রাসার শিক্ষক মোহম্মদ ফরাজি ঘটনার দিন (২৬ জুন) সকালে ফজরের নামাজের পর আরো সাতজন শিশুকে নিয়ে শ্রেণি কক্ষে পড়াতে বসে। পরে অভিযুক্ত শিক্ষক মোহম্মদ ফরাজি শিশুটিকে কথা শোনার জন্য তার (শিক্ষকের) ঘরের সামনের রুমে ডেকে নিয়ে দরজা বন্ধ করে মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে।

এ ঘটনার পর শিশুটি কান্নাকাটি করে দৌড়ে শ্রেণি কক্ষে আসলে একই শ্রেণি কক্ষে শিশুটির বড় বোন জানতে চাইলে লজ্জায় কিছুই বলেনি। পরে ওই দিন বেলা ১২টার দিকে বাড়ি গেলে মায়ের কাছে সব খুলে বলে। এ ঘটনায় এক সপ্তাহ পরে শনিবার গলাচিপা থানায় ধর্ষণ মামলা দায়ের করা হয়।

এ প্রসঙ্গে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আখতার মোর্শেদ বলেন, ‘শিশুটিকে নির্যাতনের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ভিকটিমকে উদ্ধার করে শনিবার থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।’

শিশুটির মেডিকেল পরীক্ষার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এখনও আসামি গ্রেপ্তার হয়নি। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান এই পুলিশের কর্মকর্তা।