আপনাদের স্বপ্নই আমাদের স্বপ্ন: সমর্থকদের সাকিব

বিশ্বকাপে সেমি-ফাইনালে যাওয়ার লক্ষ্য পূরণ হয়নি বাংলাদেশের। লিগ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে। দল ব্যর্থ হলেও ব্যক্তিগত নৈপুণ্যে উজ্জ্বল ছিলেন সাকিব আল হাসান। নিংড়ে দিয়েছেন নিজের সেরাটুকু। তবে দলের সমর্থকদের হতাশ না হওয়ার আহ্বান জানিয়েছেন ওয়ানডে ক্রিকেটের বিশ্বসেরা অলরাউন্ডার।

বিশ্বকাপের এবারের আসরে আট ম্যাচ খেলে ৮৬ দশমিক ৫৭ গড়ে ৬৩১ রান করেছেন সাকিব। এর মধ্যে রয়েছে দুটি সেঞ্চুরি ও পাঁচটি হাফ-সেঞ্চুরি। উইকেট নিয়েছেন ১১টি! অলরাউন্ডিং পারফরম্যান্সের মানদণ্ডে সাকিবের ধারে কাছে কেউ নেই।

কিন্তু টাইগারদের দলীয় পারফরম্যান্স ব্যর্থতায় ভরা। নয় ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে লিগ পর্ব থেকে বিদায় নিতে হয়েছে তাদের। কিন্তু হতাশ না হতে সমর্থকদের প্রতি আহ্বান জানালেন সাকিব।

নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তারকা এই অলরাউন্ডার লিখেছেন- “জয়, পরাজয় কিংবা লড়াই- সব কিছুই আমরা কাঁধে কাঁধ মিলিয়েই করি। দল যখন ভালো করেনা ব্যক্তিগত অর্জনের মূল্য তখন কমে যায় অনেকটাই। বিশ্বকাপ জুড়ে দলের জন্য নিজের সর্বোচ্চটা দিতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি। ভালোবাসা ও দারুণ সমর্থন দিয়ে যারাই আমার পাশে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। কোটি হৃদয়ের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে না পারায় স্বভাবতই হতাশ আমরা।”

“তবে, মনে রাখবেন আপনাদের স্বপ্নটাই আমাদের স্বপ্ন, আমরা নিজেদের সেরাটা দিয়ে জাতিকে গর্বের উপলক্ষ এনে দেয়ার চেষ্টা করেছি। কথা দিচ্ছি, জয়ের জন্য ভবিষ্যতেও আমাদের চেষ্টা থাকবে অব্যাহত। আশা করছি দারুণ পারফর্ম্যান্সে স্বপ্ন সত্যি করে সেদিন ঠিকই লক্ষ্যে পৌঁছাতে পারবো আমরা।”