বরিশাল-চট্টগ্রামে অতি ভারী বর্ষণের সম্ভাবনা, পাহাড় ধসের শঙ্কা

বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। চট্টগ্রামের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে।

আবহাওয়াবিদ মো. রুহুল কুদ্দুছ রবিবার বাসসকে এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, বাংলাদেশের ওপর মৌসুমী বায়ু সক্রিয় থাকায় রবিবার সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪ থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

অতি ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে।

রুহুল কুদ্দুছ জানান, মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় থাকায় আজ ও আগামীকাল কম-বেশি সারাদেশে বৃষ্টি হতে পারে। আগামী মঙ্গলবার থেকে সারাদেশে বৃষ্টিপাত কিছুটা কমতে পারে।

তিনি জানান, আজ সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১৩২৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ সময় চট্টগ্রামের সীতাকুণ্ডে ১০৩ মিলিমিটার, টেকনাফে ১০১ এবং বরিশালের খেপুপাড়ায় ১০২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে তিন নম্বর (পুনঃ) তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।