স্ত্রীকে ঘাড়ে নিয়ে দৌড়ে বিশ্ব চ্যাম্পিয়ন তিনি (ভিডিও)

স্ত্রীকে কাঁধে নিয়ে দৌঁড়সহ বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জিতলেন এক লিথুয়ানিয়ান ব্যক্তি। মূলত স্বামী-স্ত্রী দুইজনই হন শিরোপাধারী।

হিন্দুস্তান টাইমস জানায়, শনিবার ফিনল্যান্ডের শহর সোনকাজারভিতে এবারের আসরটি অনুষ্ঠিত হয়। স্ত্রীকে কাঁধে নিয়ে স্বামীর বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলার এটি ছিল ২৪তম আসর।

৪ হাজার বাসিন্দার শহরটিতে এদিন কয়েকগুণ দর্শনার্থী হাজির হয়েছিলেন এ প্রতিযোগিতা উপভোগ করতে। বিভিন্ন দেশে প্রাথমিক পর্যায়ে বিজয়ী প্রতিযোগীদের নিয়ে বিশ্ব শিরোপা অর্জনের এ লড়াই অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানায়, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, পোলান্ড, যুক্তরাজ্য সহ আরও কয়েকটি দেশে প্রাথমিকভাবে বিজয়ীরা ফিনল্যান্ডে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করে।

২৪টি দম্পতির মধ্যে ভাইটাউটাস কিরকলিয়াউসকাস এবং তার স্ত্রী নেরিঙ্গা কিরকলিয়াউসকিনি ২৫৩.৫ মিটার দৌড়ে হারিয়ে দেন অন্যদের। পানিতে দৌড়াসহ এতে মোকাবিলা করতে হয় অনেক বাধা।

দ্বিতীয়বারের মতো তারা এ শিরোপা জিতেন। ২০১৮ সালেও ১৩টি দেশ হতে আগত ৩৮ দম্পতির মধ্যে তারা শিরোপা অর্জন করেছিল। 

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে এই প্রতিযোগিতা নিয়ে সাড়া পড়ে যায়। টুইটারে ভাইরাল হয়ে পড়ে এ স্ত্রীকে কাঁধে নিয়ে স্বামীদের এ দৌড় প্রতিযোগিতা। অনেকেই এ প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহ দেখিয়েছেন। অনেকে আবার উচ্ছ্বাস দেখিয়েছেন এই বলে, ওয়াও, হোয়াট অ্যা চ্যাম্পিয়নশিপ!