ব্যাটিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে সাকিব

বিশ্বকাপ জুড়ে দুর্দান্ত পারফর্ম করেছেন সাকিব আল হাসান। ব্যাটিং এবং বোলিং দুই বিভাগেই ছিলেন অনন্য। একের পর এক রেকর্ড গড়েছেন। তবে ব্যাট হাতেই বেশি উজ্জ্বল ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার। যার ছাপ পড়েছে আইসিসি র‌্যাঙ্কিংয়েও।

ক্যারিয়ারসেরা ৬৯২ রেটিং পয়েন্ট নিয়ে সাকিব এখন ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে ২২তম স্থানে রয়েছেন। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ শেষে তার অবস্থান ছিল ৩২।

সর্বশেষ ৬ জুলাই আপডেট করা হয়েছে আইসিসির ওয়ানডে র‌্যাঙ্কিং। যেখানে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সাকিবের ওপরে অবস্থান করছেন মুশফিকুর রহিম। তার অবস্থান ২০তম।

এবারের বিশ্বকাপে ব্যাট হাতে ৬০৬ ও বল হাতে ১১ উইকেট নিয়েছেন সাকিব। এর আগে এক আসরে ৪০০ রান ও ১০ উইকেটের ডাবলের নজিরও ছিল না কারো। সাকিব সেখানে অন্য উচ্চতায় নিয়ে গেছেন নিজেকে।

ব্যাট হাতে ৮ ইনিংসের ৭টিতেই ফিফটি ছোঁয়া স্কোর গড়েছেন। দুটিতে আছে সেঞ্চুরি। বল হাতে একবার নিয়েছেন ৫ উইকেট। তবে অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থাকলেও বোলারদের র‌্যাঙ্কিংয়ে পিছিয়েছেন। যেখানে ২৭ নম্বরে অবস্থান করছেন তিনি।

বাংলাদেশের বোলারদের মধ্যে সাকিবের ওপরে অবস্থান মোস্তাফিজুর রহমানের। ১৪তম স্থানে তিনি। ১৬ নম্বরে অবস্থান মেহেদী হাসান মিরাজের।

এদিকে বিশ্বকাপের এক আসরে এরই মধ্য ৫ সেঞ্চুরির কীর্তি গড়া রোহিত শর্মা বিরাট কোহলিকে পেছনে ফেলতে পারেননি। ৮৮৫ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে তিনি। তার চেয়ে ৬ পয়েন্ট বেশি নিয়ে বিরাট কোহলি আছেন শীর্ষে। বোলিংয়ে শীর্ষে রয়েছেন জসপ্রিত বুমরাহ।