প্রথমবার ঢাকার মঞ্চে অভিনয় করবেন দুই বাংলার জনপ্রিয় শিল্পী অঞ্জন দত্ত। তারই অভিনীত ও নির্দেশিত নাটক ‘সেলসম্যানের সংসার’। মঙ্গলবার, ৯ জুলাই সন্ধ্যায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে নাটকটির প্রদর্শনী হবে বলে আয়োজকদের পক্ষ থেকে টিকিট বিক্রি শুরু হলেও মিলনায়তন বরাদ্দ নিয়ে তৈরি হয়েছে জটিলতা।
শিল্পকলা একাডেমির নাট্যকলা বিভাগের দায়িত্বে থাকা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. বদরুল আনম ভূঁইয়া জানালেন, ‘অঞ্জন দত্তের নাটকের নামে নাট্যশালার মিলনায়তন বরাদ্দ নেই।’
জাতীয় নাট্যশালার জুলাই মাসের হল বরাদ্দ তালিকায় দেখা গেছে নাটুকে নামের স্থানীয় একটি নাট্যদলের নামে বরাদ্দ দেয়া হয়েছে মিলনায়তন। দলটির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের জন্য হল বরাদ্দ দেয়া হলে তাদের সঙ্গে সমন্বয় করে অনুষ্ঠানটি করার পরিকল্পনা করছে আয়োজকেরা।
শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি লিয়াকত আলী লাকী বলেন, হল বরাদ্দ পেয়েছে স্থানীয় নাট্যদল ‘নাটুকে’। অঞ্জন দত্তের নাটকের জন্য তো হল দেয়া হয়নি। বরাদ্দ নিশ্চিত না হয়ে এভাবে প্রচার বা টিকিট বিক্রি করতে পারে না কোনো সংগঠন।
গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি কামাল বায়েজিদ বলেন, অঞ্জন দত্তের নাটকের জন্য হল বরাদ্দ দেয়া হয়েছে বলে আমার জানা নেই। আর জাতীয় নাট্যশালায় বাণিজ্যিক অনুষ্ঠানের জন্য বরাদ্দ দেওয়ার পক্ষে আমরা নই।
এদিকে অঞ্জন দত্তের নাটকের প্রদর্শনীর আয়োজক সাজ্জাদ হুসাইন ফেসবুকে অনুষ্ঠানটির প্রচারণা চালিয়ে যাচ্ছেন। বিষয়টি নিয়ে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি। তবে সাজ্জাদ হুসাইনের ফেসবুকের পোস্ট থেকে জানা গেছে, নাটক এবং বইয়ের আয়োজনে অংশ নিতে তিন ক্যাটাগরির রেজিস্ট্রেশন ফি বা টিকিটের মূল্য ধরা হয়েছে ১৫০০,২০০০ ও ৩০০০ টাকা। নাটকের টিকিটের সঙ্গে দেওয়া হবে বইটি।
এদিকে ঢাকায় নাটক নিয়ে আসার খবর জানিয়ে অঞ্জন দত্ত সোশ্যাল মিডিয়া ভিডিও বার্তা দেন। সেখানে তিনি জানান, এর আগে গান করতে আসলেও প্রথমবার নাটক নিয়ে ঢাকায় আসছেন তিনি। নাটকে অঞ্জন দত্ত অভিনয় করেছেন উইলি লোম্যান চরিত্রে।