মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বগুড়া সার্কেল অফিস থেকে মামলার আলামত জব্দ করা ফেন্সিডিল ও নেশা জাতীয় ইনজেকশন চুরি হয়েছে। অফিসের ৮ টি সিসি ক্যামেরা লাল কাপড় দিয়ে ঢেকে রেখে আলামত রাখার কক্ষের তালা ভেঙে চোরেরা চারটি মামলার আলামত চুরি করে।
বৃহস্পতিবার গভীর রাতে চুরির ঘটনায় শনিবার বগুড়া সদর থানায় মামলা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বগুড়া সার্কেলের পরিদর্শক শাহ জালাল খান বাদি হয়ে মামলাটি দায়ের করেছেন।
মামলায় উল্লেখ করা হয়েছে, বগুড়া পৌরসভা সংলগ্ন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বগুড়া সার্কেল অফিসের অবস্থান। ৮টি সিসি ক্যামেরা দিয়ে নিয়ন্ত্রণ করা হয় অফিসের কার্যক্রম। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার পর অফিসের আলামতখানার তালা ভেঙে চোরেরা ভেতরে ঢোকে। তারা ওই কক্ষ থেকে শেরপুর থানার চারটি মাদক মামলার আলামত হিসেবে রাখা ১৮৮ বোতল ফেন্সিডিল ও ১০০ পিস নেশা জাতীয় ইনজেকশনের স্যাম্পল চুরি করে নিয়ে যায়।
মামলার বাদি শাহ জালাল খান জানান, সিসি ক্যামেরার ভিডিও ফুটেজে দেখা গেছে দুই জন ব্যক্তি অফিসে প্রবেশ করে ৮টি সিসি ক্যামেরার কয়েকটি লাল রঙ এর কাপড় দিয়ে ঢেকে ফেলে, এছাড়া কয়েকটি ক্যামেরার মুখ ওপরের দিকে ঘুরানো এবং একটি বাঁকানো ছিল। চোরেরা আলামতখানায় থাকা অসংখ্য আলামতের মধ্যে থেকে শেরপুর থানার ৪টি মামলার আলামত নিয়ে যায়।
মামলার তদন্তকারি কর্মকর্তা পুলিশ পরিদর্শক আবুল কালাম আজাদ বলেন, সিসি ক্যামেরা দেখে দুইজনকে শনাক্ত করা গেছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে। তাদের গ্রেপ্তার করা সম্ভব হলেই এই মামলার প্রকৃত রহস্য উদ্ঘাটন সম্ভব হবে।