নিজ বাড়ি থেকে স্কুল শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

সাভারের নয়ানগর এলাকা থেকে অষ্টম শ্রেণি পড়ুয়া এক স্কুল শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার বিকেলে উপজেলার বনগাঁও ইউনিয়নের নগরকোন্ডা নয়ানগর এলাকার নিজ বাড়ি থেকে ওই ছাত্রের মৃতদেহটি উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।

নিহত স্কুল ছাত্রের নাম হোসাইন মিয়া (১৭)। সে বনগাঁও নগরকোন্ডা নয়ানগর এলাকার মো. আহাদের ছেলে এবং স্থানীয় কোন্ডা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল জানিয়েছে পুলিশ।

জানা গেছে, রবিবার বিকেলে স্কুল ছাত্র হোসাইন মিয়াকে নিজ বাড়ির একটি কক্ষের মধ্যে ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের সদস্যরা। বিষয়টি সাভার মডেল থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নূর মোহাম্মদ খান বলেন, স্কুল ছাত্রের ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়েছে। এখানে এলাকার জনপ্রতিনিধিসহ নিহতের পরিবারের সদস্যরাও উপস্থিত আছে। সবার সাথে কথা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পড়াশোনায় অমনোযোগী হওয়ায় পরিবারের সাথে মন মালিন্যের কারণেই স্কুল ছাত্র হোসাইন মিয়া আত্মহত্যা করে থাকতে পারে। কোন অভিযোগ না থাকায় লিখিত আবেদনের ভিত্তিতে নিহতের মরদেহটি ময়না তদন্ত ছাড়াই পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।

এছাড়া এঘটনায় সাভার মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করার কথাও জানান এই পুলিশ কর্মকর্তা।