দেশের দক্ষিণে বৃষ্টি কমবে, উত্তরে বাড়বে

দেশে চলমান বৃষ্টি পরিস্থিতি নিয়ে কোনো সুখবর নেই। আগামী কয়েকদিনে এই পরিস্থিতির বড় পরিবর্তনের সম্ভাবনা নেই।

সপ্তাহজুড়েই কমবেশি বর্ষার বর্ষণ অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে আজ সোমবার থেকে দেশের দক্ষিণাঞ্চলে তুলনামুলক বৃষ্টি কমতে পারে এবং বাড়তে পারে  উত্তরাঞ্চলে। পাশাপাশি পার্বত্য এলাকায় টানা ভারী বর্ষণের কারণে ভূমি ধসের শঙ্কার কথাও জানিয়েছে অধিদপ্তর।

আবহাওয়াবিদ ওমর ফারুক রবিবার রাতে দেশ রূপান্তরকে বলেন, খুব শীগ্রই বৃষ্টি কমার সম্ভাবনা নেই। আগামী ১৪-১৫ তারিখের দিকে কিছুটা কমতে পারে। এর আগে সারাদেশেই কমবেশি বৃষ্টি হবে। তবে সোমবার (আজ) থেকে দক্ষিণাঞ্চলে কিছুটা কমবে এবং উত্তরাঞ্চলে বাড়বে।  এদিন দেশের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলেও জানান তিনি।

পাহাড়ে ভূমিধসের শঙ্কার ব্যাপারে তিনি বলেন, টানা দুই-তিনদিন ভারী বর্ষণ হলে ভূমি ধসের শঙ্কা থাকে। পার্বত্য এলাকায় একদিন ভারী বর্ষণ হয়েছে।  আরও দু-একদিন হলে ভূমি ধস হতে পারে।

রবিবার চট্টগ্রামের সীতাকুণ্ডে এবং বরিশালের খেপুপাড়ায় অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। সন্ধ্যা ৬টা পর্যন্ত সীতাকুন্ডে হয়েছে ১০৩ মিলিমিটার বৃষ্টি। ওই সময় পর্যন্ত গত ২৪ ঘন্টায় হয়েছে ১৩৬ মিলিমিটার। একই সময়ে দেশের সর্বোচ্চ ১৫৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে বরিশালের খেপুপাড়ায়। এছাড়া সন্দ্বীপে ৭২ মিলিমিটার এবং রাঙ্গামাটিতে হয়েছে ৫৮ মিলিমিটার।

রাজধানীতে হয়েছে ২৬ মিলিমিটার বৃষ্টি। তাপমাত্রাও কিছুটা কমেছে। আগের দিন থেকে এক ডিগ্রি কমে এদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীর ঈশ্বরদী ও তাড়াশে ৩২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

ঝড়ো হাওয়ার শঙ্কায় গত কয়েকদিনের ন্যায় এদিনও দেশের সমুদ্র বন্দরগুলোতে জারি রাখা হয়েছে ৩ নম্বর সতর্ক সংকেত।

সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারী ধরণের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সাথে কোথাও হতে পারে ভারী থেকে অতি ভারী বর্ষণও। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।