সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে বিদ্রোহীদের শেষ ঘাঁটিতে দুই মাস আগে রাশিয়ার হামলায় অন্তত ৫৪৪ জন বেসামরিক ব্যক্তি নিহত ও ২ হাজারেরও বেশি আহত হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত শনিবার মানবাধিকার গোষ্ঠী ও উদ্ধারকারীরা এসব তথ্য দিয়েছেন বলে জানিয়েছে বিবিসি।
বিদ্রোহী অধিকৃত ইদলিব প্রদেশ ও সংলগ্ন হামা প্রদেশের কয়েকটি অংশে গত ২৬ এপ্রিল থেকে বড় ধরনের অভিযান শুরু করে সিরিয়ার সেনাবাহিনী। রাশিয়ার যুদ্ধবিমানগুলোও তাদের সঙ্গে যোগ দেয়। গত গ্রীষ্মকালের পর থেকে এটিই সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ ও তার শত্রুদের মধ্যে শুরু হওয়া সবচেয়ে বড় লড়াই।
সিরিয়ার যুদ্ধে হতাহতের বিষয়টি পর্যবেক্ষণ করা দ্য সিরিয়ান নেটওয়ার্ক ফর হিউম্যান রাইটস (এসএনএইচআর) জানিয়েছে, রাশিয়ার যুদ্ধবিমান ও সিরিয়ার সেনাবাহিনীর চালানো কয়েক শ হামলায় ১৩০ শিশুসহ ৫৪৪ বেসামরিক ব্যক্তি নিহত ও ২ হাজার ১১৭ জন আহত হয়েছে।
এসএনএইচআরের চেয়ারম্যান ফাদেল আবদুল ঘানি বলেন, ‘রাশিয়ার সামরিক বাহিনী ও তাদের সিরীয় মিত্ররা জেনে-বুঝে বেসামরিকদের লক্ষ্যস্থল করছে এবং রেকর্ডসংখ্যক মেডিকেল স্থাপনায় বোমাবর্ষণ করেছে।’
নির্বিচারে বেসামরিক এলাকায় ক্লাস্টার ও বোমা নিক্ষেপের অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া ও সিরিয়ার সামরিক বাহিনী।