বিশ্বাসই মূলমন্ত্র রয়-বেয়ারস্টোর

জনি বেয়ারস্টো-জেসন রয়, প্রতিপক্ষের কাছে মূর্তিমান আতঙ্ক। ওয়ানডেতে ৩১ ইনিংসের মধ্যে ১০টি শতরানের জুটি। আর হাজারের বেশি রান করা ওয়ানডের ওপেনিং জুটির মাঝে সেরা গড় তাদের, ৬৭.৭০। বিশ্বকাপের চলতি আসরে শেষ তিন ম্যাচেই টানা সেঞ্চুরি জুটি। জেসন রয়কে মিস করা দুই ম্যাচে বেয়ারস্টোর সঙ্গী ছিলেন জেমস ভিন্স। কিন্তু সাফল্য পায়নি সেই জুটি। রয়ের সঙ্গে ওপেন করা উপভোগ করেন বেয়ারস্টো, ‘রয়কে নিয়ে ব্যাটিং করা আনন্দের। তার সঙ্গে মাঠে নামলে আমি নির্ভার থাকি। তার আর আমার বোঝাপড়া ভালো হওয়ায় জমেও ভালো।’ ইংলিশ ওপেনার আরও যোগ করেন, ‘আমরা দুজনে চালিয়ে খেলতে পছন্দ করি। তাই আমরা খেলার ধরন না বদলে নিজেদের মতো করে খেলে যাই। এতে দুজনের জন্য সুবিধা হয়। চাপে পড়তে হয় না।’

 

রয়-বেয়ারস্টোর ব্যাটিংশৈলীতে চাপে পড়ে প্রতিপক্ষের বোলার। কারণ তারা দ্রুতগতিতে রান তুলতে পারেন। একে অন্যের প্রতি বিশ্বাস এর পেছনে বেশি সহায়তা করে বলে মনে করেন বেয়ারস্টো, ‘একে অন্যের প্রতি বিশ্বাস আমাদের জুটি গড়ার পেছনে মূল শক্তি হিসেবে কাজ করে। স্ট্রাউস-কুক যখন টেস্টে নামত একই ব্যাপার তাদের মধ্যে ছিল বলে আমি মনে করি। কিছু সময় ভাঙাগড়া চলতে পারে, তবে তাতে বিশ্বাস হারানো উচিত নয়।’

গেল বছর বিশ^কাপে সাউদগেটের ইংল্যান্ড ফুটবল দল সেমিফাইনাল থেকে বাদ পড়েছে। এ বছর ক্রিকেটেও একই ঘটনা ঘটবে কি না জানতে চাইলে বেয়ারস্টো মত দেন, ‘নেতিবাচকভাবে দেখার কোনো কারণ দেখছি না। ২০০৩ সালে ইংল্যান্ড রাগবিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। আমরা সেখান থেকে অনুপ্রেরণা নিতে পারি। ক্রিকেটের বাইরের খেলোয়াড়, সমর্থকরাও আমাদের সাহস দিচ্ছে তাই আমরা এবার যথেষ্ট উজ্জীবিত।’