রাজধানীর গেণ্ডারিয়ায় ছুরিকাঘাতের পর মো. শাওন (১৭) নামের এক স্কুলছাত্র মারা গেছে। গত শনিবার রাতে ছুরিকাঘাতের ঘটনায় গতকাল রবিবার ভোরে মহাখালী বক্ষব্যাধি হাসপাতালে মারা যায় গেণ্ডারিয়া হাইস্কুলের নবম শ্রেণির ছাত্র শাওন। একই ঘটনায় আহত আহাদুল ইসলাম দুলু (১৬) ও মো. শাওন (১৭) নামে ২ কিশোর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ বলছে, শাওন হত্যার নেপথ্য কারণ গে-ারিয়া ও ঢালকানগর। এই দুই মহল্লাবাসীর দ্বন্দ্ব বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে গে-ারিয়া থানায় নেওয়া হয়েছে।
গে-ারিয়া থানার ওসি এম এ জলিল বলেন, শনিবার রাত ১১টার দিকে গে-ারিয়া হাইস্কুলসংলগ্ন মোড়ে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এতে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছে। আরও দুজন চিকিৎসাধীন। ধারণা করা হচ্ছে, দুই মহল্লার দ্বন্দ্বের ফলে এ ঘটনা ঘটেছে। জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করা হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।
নিহত শাওনের বাবার নাম হারুন অর রশিদ। তিনি পরিবার নিয়ে শ্যামপুরে থাকেন। আহত দুলু গে-ারিয়ার কাঠবাগিচা এলাকায় কাঠের নকশার কাজ করে। তার পিঠের ডানপাশে ছুরিকাঘাতের জখম রয়েছে। পিঠে ছুরিকাঘাতে আহত শাওনের বাবার নাম সুজন মিয়া। সে শনির আখড়ার একটি কারখানার কর্মচারী।
দুলু জানায়, শনিবার রাতে কাজ শেষ করে হাইস্কুলের পাশ দিয়ে বাসায় ফেরার সময় কিছু ছেলেকে মারামারি করতে দেখে। এ সময় পেছন থেকে কেউ একজন তার পিঠে ছুরিকাঘাত করে। তাদের চেনে না বলে দাবি দুলুর।