সংসদে ডেঙ্গুজ্বরের অভিজ্ঞতার কথা বললেন অর্থমন্ত্রী

জাতীয় সংসদে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হওয়ার ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। গতকাল রবিবার নিজের সুস্থ হওয়ার গতি অনেক শ্লথ জানিয়ে সংসদে মন্ত্রী বলেন, ‘সেদিন (১৩ জুন) সংসদ শুরুর আগে যখন সংসদে প্রবেশ করি, তখন থেকে পরবর্তী ৭-৮ মিনিট আমি সম্পূর্ণভাবে ব্ল্যাঙ্ক ছিলাম। আমার কোনো কিছুই মনে পড়ে না।’

২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশের ঠিক দুদিন আগে গত ১১ জুন অর্থমন্ত্রীকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। পরে ১৩ জুন তিনি বাজেট পেশ শুরু করলেও তা শেষ করতে পারেননি। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাজেট বক্তৃতা পাঠ করেন।

সেদিনের বর্ণনা দিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘গত ১৩ জুন প্রস্তাবিত বাজেট উত্থাপন করি। কিন্তু সেদিনটি ছিল আমার জীবনের চরম কষ্টের দিন। কারণ এর তিন দিন আগে, অর্থাৎ ১০ জুন ডেঙ্গুজ্বরে ভয়ানকভাবে অসুস্থ হয়ে পড়ি এবং হাসপাতালে ভর্তি হই। এ অসুস্থতা নিয়েই আমি গত ১৩ জুন সংসদে আসি। আমার বিশ্বাস ছিল, আমি প্রস্তাবিত বাজেটটি উত্থাপন করতে পারব। কিন্তু আমি যা ভেবেছিলাম বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। অধিবেশন শুরুর আগে যখন সংসদে প্রবেশ করি, তখন থেকে পরবর্তী ৭-৮ মিনিট আমি সম্পূর্ণভাবে ব্ল্যাঙ্ক ছিলাম।’